আমিই বিশ্বের সেরা খেলোয়াড়: এমবাপ্পে

আমিই বিশ্বের সেরা খেলোয়াড়: এমবাপ্পে

মেসি-রোনালদোদের সঙ্গে সেরার লড়াইয়ে এবার নিজের নামটিই সবার ওপরে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নে ফরাসি তারকার সোজাসাপ্টা উত্তর, ‘আমি সব সময়ই মনে করি, আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে সবার নিজস্ব মত আছে। মানুষ হয়তো ভিন্নভাবে ভাবতে পারে। এটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না।’

বিজ্ঞাপন

গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। দল ট্রফিশূন্য থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। বিশ্বকাপ ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা এখন ২২, যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ।

এই পারফরম্যান্সে ব্যালন ডি’অরের আলোচনাতেও জোরালোভাবে উঠে এসেছে তাঁর নাম। পুরস্কারটি নিয়ে এমবাপ্পে বলেন, ‘আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন মানুষ আপনাকে এই পুরস্কারের সঙ্গে যুক্ত করবে। কারণ রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। অনেকেই আমাকে এবং ব্যালন ডি’অর নিয়ে কথা বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমি ইতিহাস গড়েছি। হয়তো এবার এটার জন্য ভালো একটি বছর হতে পারে।’

তবে শেষ সিদ্ধান্ত ভোটারদের এ কথাও মনে করিয়ে দিয়েছেন এমবাপ্পে, ‘মানুষ তাদের নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেবে।’ ২০২৩ সালে পিএসজির হয়ে ব্যালন ডি’অরে তৃতীয় হওয়াই এখন পর্যন্ত তাঁর সেরা অবস্থান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন