বলিউড সুপারস্টার শাহরুখ খানের আইকনিক বাসভবন ‘মান্নাত’ আবারো আলোচনায়। ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদনের পর মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ডে অবস্থিত ছয়তলা এই ঐতিহ্যবাহী ভবনে আরও দুটি তলা যুক্ত করার পথ এখন পুরোপুরি উন্মুক্ত হয়েছে। আইনি চ্যালেঞ্জ খারিজ হওয়ায় বহুদিনের পরিকল্পিত সম্প্রসারণকাজ এগিয়ে নিতে পারবেন শাহরুখ ও তার পরিবার।
সংস্কারকাজ শুরুর আগে ২০২৫ সালের এপ্রিলে শাহরুখ খান পরিবারসহ সাময়িকভাবে বান্দ্রার পালি হিল এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ‘পূজা কাসা’-তে স্থানান্তরিত হন।
শাহরুখ খানের ‘মান্নাত’ কেনার স্বপ্নের শুরু ১৯৯৭ সালে। ‘ইয়েস বস’ ছবির ‘চাঁদ তারে’ গানের শুটিংয়ের সময় তৎকালীন ‘ভিলা ভিয়েনা’ নামে পরিচিত সমুদ্রমুখী বাংলোটি তার নজর কেড়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে দিলেও তিনি রসিকতা করে সহকর্মীদের বলেছিলেন, একদিন এই বাড়ির মালিক তিনিই হবেন।
চার বছর পর, ২০০১ সালে সেই স্বপ্ন সত্যি হয়। গুজরাটি ব্যবসায়ী নারিম্যান দুবাশের কাছ থেকে ঐতিহ্যবাহী সমুদ্রতীরবর্তী বাড়িটি কিনে নেন শাহরুখ। এটি আগে ‘বাই খোরশেদ ভানু সঞ্জানা ট্রাস্ট’-এর মালিকানায় ছিল। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৮ কোটি রুপিতে কেনা এই বাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি।
শুরুর দিকে বাড়িটির নাম রাখা হয়েছিল ‘জান্নাত’। তবে পরপর কয়েকটি বড় সাফল্যের পর শাহরুখ নাম পরিবর্তন করে রাখেন ‘মান্নাত’, যার অর্থ পূরণ হওয়া ইচ্ছা বা প্রার্থনা।
এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, ‘মান্নাত’ কেনা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। বাড়িটি কেনার জন্য তাকে ঋণ নিতে হয়েছে, অসংখ্য বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়েছে। এমনকি পাঁচ-ছয় বছর ধরে অগ্রিম পারিশ্রমিক নিয়ে তুলনামূলক কম পারিশ্রমিকে কাজও করেছেন।
তার ভাষায়, নিজের ও সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং একটি স্থায়ী ঠিকানা গড়ে তুলতেই এতটা সংগ্রাম করেছিলেন তিনি।
‘মান্নাত’ কেনার আগে শাহরুখ ও গৌরী খান কার্টার রোডের একটি তিন বেডরুমের ফ্ল্যাটে থাকতেন। ২০০১ সালে নতুন বাড়িতে ওঠার পর সীমিত বাজেটের মধ্যেই গৌরী নিজ হাতে বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার দায়িত্ব নেন। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে সফল ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করে।
ইতালীয় নকশা ও নিও-ক্লাসিক ধাঁচের সমন্বয়ে গৌরী ‘মান্নাত’-এর অভ্যন্তরকে উষ্ণ ও আভিজাত্যপূর্ণ রূপ দেন। মিলান, প্যারিস ও লন্ডনের বিভিন্ন ডিজাইন প্রদর্শনী ও বুটিক থেকে সংগ্রহ করা আসবাব ও শৌখিন সামগ্রী দিয়ে সাজানো হয় বাড়িটি।
বর্তমানে ‘মান্নাত’-এ রয়েছে বিশাল ব্যক্তিগত লাইব্রেরি, আধুনিক জিম, ৪২ আসনের ব্যক্তিগত প্রেক্ষাগৃহ, ইতালীয় মার্বেলের ফ্লোরিং, মুরানো গ্লাসের ঝাড়বাতি এবং বিলাসবহুল নানা সুবিধা। সময়ের সঙ্গে এর ইন্টেরিয়রেও এসেছে একাধিক পরিবর্তন।
দুই দশকের বেশি সময়ে ‘মান্নাত’ শুধু শাহরুখ খানের বাসভবন নয়, তার সাফল্য ও জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে। ঈদ, জন্মদিন কিংবা বিশেষ উপলক্ষে হাজারো ভক্ত ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়ে প্রিয় তারকার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন।
নতুন দুই তলা যুক্ত হওয়ার অনুমতি পাওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে ‘মান্নাত’। ১৮ কোটি রুপিতে কেনা এই বাড়ি আজ শুধু একটি বিলাসবহুল বাসভবন নয়, বরং শাহরুখ খানের দীর্ঘ সংগ্রাম, সাফল্য ও স্বপ্নপূরণের এক অনন্য প্রতীক।
সূত্র: এনডিটিভি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



মহাকাশে প্রথমবারের মতো পাওয়া গেল চিনি