সম্প্রতি সামাজিক মাধ্যমে হানিফ সংকেতের রাজনীতিবিষয়ক একটি উক্তির বেশকিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। তিনি জানিয়েছেন, সম্প্রতি তার নাম ও উপস্থাপনা শৈলী নকল করে বিভিন্ন ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
আজ, ২৬ মার্চ, বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হানিফ সংকেত লেখেন, ‘সুহৃদ, আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি— সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। উক্ত ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনা শৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এই ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।’
হানিফ সংকেত আরও লেখেন, ‘দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফাইড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।’
বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে নেটিজেনদের আরও সতর্ক হওয়া প্রয়োজন— এমন বার্তা দিয়ে এই উপস্থাপক-নির্মাতা সবশেষে লেখেন, ‘প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে এআই’র অপব্যবহার সম্পর্কে আমাদের সবারই আরও সচেতন হওয়া প্রয়োজন। অনুরোধ থাকবে, এ ধরনের কোনো অজানা, অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না এবং তা প্রচার করে অন্যকেও বিভ্রান্ত করবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

