ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে ছিঁড়ল ভাগ্যের শিকেয়। ৩৩ বছর বয়সে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার সারানশ জৈন। মধ্যপ্রদেশের এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি আসন্ন শ্রীলঙ্কা সিরিজ স্কোয়াডে এনেছে নতুন চমক।
মূলত দলের স্কোয়াডে বৈচিত্র্য আনতে এবং পরিস্থিতির দাবি মেটাতেই সারানশকে দলে নেওয়া হয়েছে। ওয়াশিংটন সুন্দরের ইনজুরি এবং শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে বাঁহাতি ব্যাটারদের আধিক্যের কারণে টিম ম্যানেজমেন্টের একজন ডানহাতি অফ স্পিনিং অলরাউন্ডারের প্রয়োজন ছিল।
সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সারানশ। সে ম্যাচে অপরাজিত ৭০ রানের দারুণ এক ইনিংসের সঙ্গে শিকার করেন ছয় উইকেট, যা নির্বাচকদের নজর কাড়তে বাধ্য করে।
সারানশ জৈনের অন্তর্ভুক্তি ছাড়াও ভারতের এই টেস্ট স্কোয়াডে এসেছে আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। টেনিস এলবোর চোট কাটিয়ে টেস্ট স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে সাত উইকেট শিকার করা উদীয়মান বাঁহাতি স্পিনার মানাভ সুতার স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন। ফিটনেস পরীক্ষার শর্তসাপেক্ষে স্কোয়াডে রাখা হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহ ও ব্যাটার সাই সুদর্শনকে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে। বর্তমানে পয়েন্ট তালিকায় ভারত পঞ্চম এবং শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে রয়েছে।
গলে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৫ আগস্ট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ আগস্ট।
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিশ্রমের পর সারানশ জৈন আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার ঠিক কতটা সদ্ব্যবহার করতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

