ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ‘ইভাঞ্জেল চার্চ সেন্টার’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় ও জমকালো আয়োজন ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। প্রতিবারের মতো এবারও চলচ্চিত্র, সংগীত, নাটক ও ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা তারকাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা।

‘শো টাইম Music’-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল উপস্থাপনা ও প্রোগ্রাম প্ল্যানিংয়ের দায়িত্বে থাকছেন শারমিনা সিরাজ সোনিয়া। আয়োজনে নেপথ্যে থেকে সহযোগিতা করছেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান।

বিজ্ঞাপন

দীর্ঘ ৫ বছর পর ফের ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে ফিরছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এর আগে সর্বশেষ ২০২১ সালে নিউইয়র্কের জামাইকায় ১৯তম আসরে অংশ নিয়েছিলেন তিনি। এবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ ও প্রদান করার পাশাপাশি বিশেষ পারফর্ম্যান্সেও অংশ নেবেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একঝাঁক শীর্ষ তারকা। এদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, নিরব, চিত্রনায়িকা তমা মির্জা, স্পর্শিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, শিরীন শিলা এবং সংগীতশিল্পী রিজিয়া পারভীন ও এস আই টুটুল।

উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া বলেন, “প্রথমবারের মতো ঢালিউড অ্যাওয়ার্ডের মতো বড় আয়োজনের উপস্থাপনা করতে যাচ্ছি। শাকিব খানের সঙ্গে ইতিমধ্যেই আমাদের মিটিং সম্পন্ন হয়েছে। অন্যান্য শিল্পীদের বিষয়েও সব চূড়ান্ত। আশা করছি এবারের আয়োজন অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্ণাঢ্য হবে।”

অভিনেতা চঞ্চল চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “২০১০ সালে ‘মনপুরা’ মুক্তির পর প্রথমবার এই অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলাম। এরপর আরও কয়েকবার গিয়েছি। এবারের বর্ণিল আয়োজনের জন্য শুভকামনা রইল।”

সংগীতশিল্পী রিজিয়া পারভীন জানান, গানে গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে তোলার জন্য তিনি মুখিয়ে আছেন। অন্যদিকে অভিনেত্রী স্পর্শিয়া ও কানাডায় অবস্থানরত শিরীন শিলাও নিউইয়র্কের এই ঝাকঝমক সন্ধ্যায় যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

বাংলাদেশের সেরা সব তারকাদের নাচ, গান এবং অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে এবার এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যার আমেজ তৈরি হতে যাচ্ছে। তবে চূড়ান্তভাবে কারা সম্মাননা পাচ্ছেন, তা জানার জন্য ১০ অক্টোবরের জমকালো রাতটি পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন