থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ বিশ্বব্যাপী মুক্তির পর বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। তবে সিনেমাটির অ্যাকশন ও গল্পের পাশাপাশি দর্শক-ভক্তদের আলোচনার কেন্দ্রে রয়েছে এর তারকাদের পারিশ্রমিক। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, এই সিনেমায় অভিনয়ের জন্য বিজয় প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যা সত্য হলে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ‘জন নায়গন’-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বিজয়কে সরাসরি এই অর্থ পরিশোধ করা হয়েছে। ছবির মুনাফায় অংশীদার হওয়ার কোনো চুক্তি ছিল না বলেও দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতা বা বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এইচ. বিনোথ পরিচালিত সিনেমাটির জন্য পরিচালক নিজেও ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ বলে দাবি করা হচ্ছে।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘জন নায়গন’-এর জন্য তিনি প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে, নায়িকা পূজা হেগড়ে পেয়েছেন ১০ কোটি টাকা।
গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা ববি দেওলের পারিশ্রমিক প্রায় ১২ কোটি টাকা বলে জানা গেছে। এ ছাড়া প্রকাশ রাজ ৭ কোটি টাকা এবং প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেনন প্রত্যেকে ৫ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘জন নায়গন’কে বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। কারণ, অভিনয় থেকে সরে গিয়ে তিনি রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমার নির্মাণ ব্যয় প্রায় ৫০০ কোটি টাকা বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
মুক্তির প্রথম দিনেই সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। বিভিন্ন বক্স অফিস ট্র্যাকারদের তথ্য অনুযায়ী, ভারতে প্রি-সেলস থেকেই ছবিটি প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে। এছাড়া মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এর আয় ১০৭ থেকে ১১২ কোটি টাকার মধ্যে এবং ভারতীয় বক্স অফিসে প্রায় ৭০ কোটি টাকা সংগ্রহ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব আয়ের পরিসংখ্যানের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।
এখন দেখার বিষয়, বিজয়ের সম্ভাব্য বিদায়ী সিনেমা ‘জন নায়গন’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা বাণিজ্যিক সাফল্য অর্জন করতে পারে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


