পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এর শহীদ নকীব হলে আজ সোমবার বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিজ্ঞাপন

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল অধিনায়কগণের সঙ্গে মতবিনিময় করেন।

মত বিনিময়কালে সেনাবাহিনী প্রধান বীর ইউনিটসমূহের সদস্যগণকে দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন বীর ইউনিটসমূহ পদাতিক বাহিনীর মেরুদন্ড হিসেবে কাজ করবে। এছাড়া, তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টসমূহের অধিনায়কগণ এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন