অধ্যাপক রহমত আলী ও অধ্যাপক ওয়াহীদা মল্লিক জলি—শিক্ষকতা ও অভিনয় দুই মাধ্যমেই সমানভাবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন এই বরেণ্য শিল্পী দম্পতি। কয়েক বছর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছেন তারা। তবে অবসর গ্রহণ করলেও শিল্পচর্চা ও জীবনের প্রতি তাদের অনুরাগে এতটুকু ভাটা পড়েনি; বরং অবসর জীবনকে অত্যন্ত আনন্দ ও তৃপ্তির সঙ্গে উপভোগ করছেন এ দম্পতি।
সাম্প্রতিক সময়ে তারা দু’জন একসঙ্গে গুণী নির্মাতা সালাহ উদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক নাটক ‘ফুল গাও’-তে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিক নাটকটি এখন সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। তবে এই ধারাবাহিকের বাইরে আপাতত নতুন আর কোনো নাটকে কাজ করছেন না তারা।
দীর্ঘদিন নতুন কাজে নিয়মিত না থাকায় নাট্যাঙ্গনে এক ধরনের বিভ্রান্তিও তৈরি হয়েছিল। নিয়মিত নাটক প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত অনেকেই মনে করছিলেন যে হয়তো অসুস্থতার কারণে কিংবা অনিচ্ছায় তারা অভিনয় অঙ্গন থেকে দূরে আছেন। তবে এ ধারণাকে পুরোপুরি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এই দম্পতি।
বিশ্ববিদ্যালয়ের কর্মময় জীবন শেষে তারা এখন রাজধানীর উত্তরার নিজস্ব বাসভবনে শান্ত ও আরামদায়ক সময় পার করছেন। তাদের দুই ছেলেই প্রবাসী হলেও বর্তমানে বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাতে দেশে এসেছেন। দুই সন্তান কাছে থাকায় রহমত-জলি দম্পতির ঘর এখন পারিবারিক আনন্দে মুখরিত। নাট্যাঙ্গনে কাজের আগ্রহ নিয়ে তারা স্পষ্ট জানান—তারা দু’জনই সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন এবং ভালো গল্পের কাজ পেলে এখনো অভিনয়ে মুখিয়ে আছেন।
রহমত আলী বলেন, ‘আমি অবসরটাকে প্রথাগত ‘অবসর’ বলতে চাই না। এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিই, অ্যাকাডেমিক সেশনে আলোচনা করি—সেই অর্থে শিক্ষকতা থেকে পুরোপুরি দূরে নই। এর পাশাপাশি লেখালেখি, অভিনয় ও বিজ্ঞাপনের কাজ মিলিয়ে সময়টা বেশ চমৎকার কেটে যাচ্ছে।’
ওয়াহীদা মল্লিক জলি বলেন, ‘শিক্ষকতা থেকে ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি। শিক্ষকতা ও অভিনয়ের ব্যস্ততায় এতদিন নিজেদের জন্য আলাদা সময় বের করা বেশ কঠিন ছিল। এখন সেই অবসর সময়টাই মন ভরে উপভোগ করছি। নিয়মিত বই পড়ি, ভালো সিনেমা দেখি এবং স্বজনদের বাড়িতে বেড়াতে যাই। আর মানসম্মত কাজের প্রস্তাব এলে অবশ্যই করি। সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপনের মডেলিংসহ ‘ফুল গাও’ ধারাবাহিকে কাজ করেছি। ভালো গল্প ও চিত্রনাট্য পেলে নিয়মিত অভিনয় চালিয়ে যাব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

