হলিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে হান্নাহ আইনবাইন্ডার এখন আলোচিত নাম। জনপ্রিয় কমেডি-ড্রামা সিরিজ ‘হ্যাকস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিতি পান। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে সরব অবস্থানের কারণেও তিনি আলাদাভাবে নজর কাড়ছেন। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে তার স্পষ্ট বক্তব্য সম্প্রতি হলিউডে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আয়োজিত ‘কেরিং উইমেন ইন মোশন টকস’-এ অংশ নিয়ে হান্নাহ জানান, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে তিনি কথা বলে যাবেন। এ কারণে কালো তালিকাভুক্ত হওয়ার ভয় তাকে থামাতে পারবে না।
তার ভাষায়, ‘কথা না বলার দায় অনেক বড়। তাই নিজের অগ্রাধিকার ঠিক রাখতে হয়।’ তিনি বলেন, ‘আমি সেই ফিলিস্তিনিদের পথ অনুসরণ করি, যারা সব সময় নিজেদের হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন। এমন এক সময়ে যখন অনেকে মুখ খুলতে ভয় পায়, তখন ফিলিস্তিনি ও তাদের মিত্রদের কণ্ঠস্বরের ধারাবাহিকতার অংশ হতে পেরে আমি গর্বিত।’ একই সঙ্গে ফিলিস্তিনপন্থি শিল্পীদেরও সমর্থন জানান তিনি।
হান্নাহ বলেন, ‘আমার ছোট্ট ক্যারিয়ার কখনো একটি মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। তাই কথা বলা আমার কাছে দায়িত্বের মতো।’ তিনি মনে করেন, একজন শিল্পীর দায়িত্ব শুধু বিনোদন দেওয়া নয়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াও গুরুত্বপূর্ণ। কান উৎসবে এবার তার নতুন চলচ্চিত্র ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াসমা’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সিনেমাটি ‘আন সারটেইন রিগার্ড’ বিভাগে প্রদর্শনের পর ৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন (করতালি) পায়।
সিনেমাটিতে হান্নাহ অভিনয় করেছেন ‘ক্রিস’ নামের এক স্বাধীনচেতা নির্মাতার চরিত্রে। এতে যৌনতা, শরীর নিয়ে অস্বস্তি, আত্মপরিচয় ও আকাঙ্ক্ষার মতো বিষয় উঠে এসেছে। চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে হান্নাহ জানান, নিজের শরীর নিয়ে অস্বস্তি ও সংকোচের অনুভূতির সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে সম্পর্ক খুঁজে পেয়েছেন। অপরদিকে বর্তমানে হ্যাকসের শেষ মৌসুম প্রচার চলছে। সিরিজটির সমাপ্তি নিয়ে আবেগপ্রবণ হান্নাহ বলেন, “চরিত্র ‘আভা’কে বিদায় জানানো তার জন্য বেদনাদায়ক।”
হলিউডে অনেকেই রাজনৈতিক ইস্যু ও বিতর্ক এড়িয়ে চলেন। কিন্তু হান্নাহ আইনবাইন্ডার ভিন্ন পথ বেছে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি মানবাধিকার ও রাজনৈতিক প্রশ্নেও তিনি সরব। তরুণ এ অভিনেত্রীর কণ্ঠ তাই এখন শুধু পর্দায় নয়, সমসাময়িক বাস্তবতার আলোচনায়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

