বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার।
নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত গানগুলো জনপ্রিয়তা লাভ করে।
আজ, ১৯ জুলাই তার মৃত্যু বার্ষিকী। এই দিনে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসআই টুটুল হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে একটি গান করেছেন। গানটির শিরোনাম ‘মন’। গানটি লিখেছেন ও সুর করেছেন মিয়া নূর। গেয়েছেন এসআই টুটুল। গানটি প্রকাশিত হয়েছে এসআই টুটুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি ১৮ জুলাই রাতে প্রকাশিত হয়েছে।
হুমায়ূন আহমেদকে স্মরণ করে এসআই টুটুল বলেন, ‘নতুন এই গানটি উৎসর্গ করছি আমার হুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের জীবনে কিছু মানুষ থাকে যে হারিয়ে গেলেও থেকে যায় বুকের ভেতরেই। স্যার আমার জীবনে তেমনই একজন। আমার পিতৃতুল্য এই মানুষটির বসবাস আমার বুকের মধ্যেই। তাঁর সাথে কতশত স্মৃতি তা বলতে গেলে শেষ হবেনা। স্যার আমাকে বাচ্চার মতো ভালোবাসতেন। আমিও সেই ভালোবাসার অনেক এ্যাডভান্টেজ নিতাম, আমাকে ভীষণ মায়া করতেন স্যার। আহা এই মায়ার মানুষটাও আমার হারিয়ে গেলো! এখন কি করে থাকি? স্যার থাকলে আমার জীবনটা ও হয়তো এমন হতো না!’
হুমায়ূন আহমেদকে স্মরণ করতে করতে নিজের জীবন নিয়েও উপলব্ধি করেন এই শিল্পী। তিনি বলেন, ‘আমাদের হাতে আসলে কিছুই নেই। আমরা খুবই ক্ষুদ্র, যা সত্যিই আমাদের মনে থাকে না। আমরা সবাই এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাবো দূর বহুদূর। আজকাল প্রায়ই মনেহয়, কত মানুষের সাথেই তো পরিচয় হলো, হলো মেলামেশা, বন্ধুত্ব, আত্মীয়তা, প্রেম আর বিরহ। যখন চলে যাবো তখন কি কেউ আমাকে মনে রাখবে? কেউ কি মিস করবে আমাকে? এমন কি করতে পেরেছি কারো জন্যে যে আমাকে ভেবে কারো চোখ থেকে একফোটা অশ্রু ঝরবে। সত্যিই আমি তো এই গুণী মানুষদের মতো হতে পারিনি। হে করুনাময়, ভালো রেখো আমার এই মনের মানুষগুলোকে, যাঁদের নাম ভালোবেসে দিলাম -মন। আমি জানি সবার জীবনেই এমন কোনো মানুষ আছে বা থাকবে, তোমরা তাঁদেরকে এই গানটি উৎসর্গ করতে পারো।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

