ঘরোয়া আলোচনার অডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ কুদ্দুস বয়াতি

বিনোদন রিপোর্টার

ঘরোয়া আলোচনার অডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ কুদ্দুস বয়াতি

দেশের বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতির পারিবারিক আলোচনার একটি অডিও রেকর্ড সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই শিল্পী। তিনি বলেন, অনুমতি ছাড়া পারিবারিক আলোচনায় বলা কথা রেকর্ড করে গণমাধ্যমে প্রকাশ করা অন্যায়। এতে তার মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গত শনিবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কুদ্দুস বয়াতি। এ সময় দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘দুদিন আগে আমি আমার ঘরে বসে পারিবারিক আলোচনা করেছিলাম। সেখানে আমাদের নিজের লোকজন উপস্থিত ছিল। সন্তানদের শাসন করতে গিয়ে খোলামেলা কথাও বলেছি। কিন্তু আমার কথাগুলো যে রেকর্ড করা হয়েছে, সেটা আমি জানতাম না। কে বা কারা রেকর্ড করেছে এবং কোথায় প্রকাশ করেছে, তা এখনো জানি না।’

তিনি আরও বলেন, ‘আমার অনুমতি ছাড়া এ কাজটি করা ঠিক হয়নি।’

দেশবাসীর উদ্দেশে কুদ্দুস বয়াতি বলেন, তিনি বিশ্বাস করেন দেশের কোটি কোটি মানুষ তাকে ভালোবাসেন। তিনি সবসময় দেশের মানুষের জন্য কাজ করেন এবং করবেন বলেও জানান।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্যই আজ আমি কুদ্দুস বয়াতি হতে পেরেছি। তাই আমাকে যেন বিকৃত না করা হয় এবং আমার মানসম্মান নিয়ে টানাটানি না করা হয়।’ বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, প্রত্যেক পরিবারেরই ব্যক্তিগত কষ্ট ও আলোচনা থাকে, যা ঘরোয়াভাবে সীমাবদ্ধ থাকা উচিত। পারিবারিক আলোচনার কথা অনুমতি ছাড়া রেকর্ড করে প্রকাশ করা অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: