নিজ ক্যাম্পাসে মরণোত্তর সম্মাননা পেলেন হুমায়ুন ফরীদি

বিনোদন রিপোর্টার

নিজ ক্যাম্পাসে মরণোত্তর সম্মাননা পেলেন হুমায়ুন ফরীদি

অভিনয় জগতের কিংবদন্তি হুমায়ুন ফরীদিকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে তার স্মৃতিবিজড়িত ও প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর প্রথম আসরে তাকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

বাংলা থিয়েটারের উদ্যোগে গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং গুণিজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ১৬ এপ্রিল উৎসবের পর্দা নামে। উৎসবের সমাপনী দিনে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৮টি বিভাগে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উৎসবে ফরীদি ছাড়াও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা ও অবন্তী সিঁথিসহ আরও বেশ কয়েকজন সম্মাননা লাভ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা হুমায়ূন ফরীদি, এই ক্যাম্পাসে নাট্যচর্চার মাধ্যমেই জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন এ অভিনেতা।

নাটক, চলচ্চিত্র কিংবা মঞ্চ সবখানেই ছিল ফরীদির অবাধ বিচরণ। মঞ্চ দিয়েই শুরু তার পথচলা। প্রথম মঞ্চনাটক করেন কিশোরগঞ্জে মহল্লার নাটকে ১৯৬৪ সালে। প্রথম মঞ্চনাটক নির্দেশনা দেন স্কুলজীবনে ‘ভূত’। মঞ্চে তার ‘ত্রিরত্ন’, ‘কীত্তনখোলা’, ‘মুন্তাসির ফ্যান্টাসি’, ‘কেরামত মঙ্গল’ নাটক বিখ্যাত।

ফরীদি অভিনীত টিভি নাটকের মধ্যে রয়েছে ‘ভাঙনের শব্দ শুনি’, ‘বকুলপুর কতদূর’, ‘মহুয়ার মন’, ‘সাত আসমানের সিঁড়ি’, ‘একদিন হঠাৎ’, ‘কান কাটা রমজান’, ‘চানমিয়ার নেগেটিভ পজিটিভ’, ‘অযাত্রা’, ‘পাথর সময়’, ‘দুই ভাই’, ‘শীতের পাখি’, ‘সংশপ্তক’, ‘কোথাও কেউ নেই’, ‘সমুদ্রে গাঙচিল’, তিনি একজন’, ‘চন্দ্রগ্রস্ত’, ‘কাছের মানুষ’, ‘মোহনা’, ‘বিষকাঁটা’, ‘ভবের হাট’ ও ‘শৃঙ্খল’।

তবে ‘সংশপ্তক’ নাটকে ‘কান কাটা রমজান’ চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়।

তার অন্য নাটকগুলোর মধ্যে আছে, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘একটি লাল শাড়ি’, ‘প্রিয়জন নিবাস’। সর্বশেষ তিনি ‘তখন হেমন্ত’ নামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেন এবং ‘পূর্ণ চাঁদের অপূর্ণতায়’ নামের একটি নাটকে অভিনয় করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন