চা বাগানের শ্রমিকদের নিয়ে সাফা কবিরের উপলব্ধি

বিনোদন রিপোর্টার

চা বাগানের শ্রমিকদের নিয়ে সাফা কবিরের উপলব্ধি

পরিচালক শঙ্খ দাশগুপ্তের মুন্সিয়ানায় ১৪৩৩ বঙ্গাব্দের শুরুতে মুক্তিপ্রাপ্ত ‘চা গরম’ কেবল একটি ওয়েব ফিল্ম নয়, বরং এটি চা-বাগানের মানুষের না বলা কথা আর আগামীর স্বপ্নের এক দারুণ মেলবন্ধন। এতে অভিনয় করেছেন সাফা কাবির।

এর আগেও বাংলাদেশে চা বাগানের ভেতরকার জীবনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা তৈরি হয়েছে। তবে অভিনেত্রী সাফা কবিরের ভাষ্যমতে, চা বাগানের শ্রমিকদের জীবনের আবেগ-অনুভূতি, সুখ- দুঃখ, হাসি-কান্না, প্রেম-ভালোবাসা, জীবনের ভয়াবহতা, নির্মমতা এর আগে কোনো নাটকে তুলে ধরা হয়েছে কী না, তার জানা না থাকলেও এই ওয়েব ফিল্মে তা ভীষণ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

সাফা কবির বলেন, ‘এর আগেও আমি চা বাগানে নাটকের কাজ করেছি। কিন্তু সেসব নাটকে চা বাগানের জীবনের গল্প বুঝাতে চা বাগানটা শুধুই ব্যাকড্রপ হিসেবে ছিলো। কিন্তু এই ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে চা বাগানের শ্রমিকদের জীবনকে খুব কাছে থেকে দেখেছি। তাদের বাচ্চাদের পড়াশুনা করানোর জন্য একটা ভালো স্কুল নেই, নেই হাসপাতাল, ঠিকঠাক মতো মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না যে তারা একটা স্মার্ট ফোন ব্যবহার করে বিশ্ব সম্পর্কে জানবে। নিজেদের এগিয়ে নিয়ে যাবে। সেই আদিকালের নিয়ম এখনো অব্যাহত। সারাদিন কাজ শেষে যে পারিশ্রমিক পায় তা নামেমাত্র। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে পড়ে যায়, তিনি তার পদ্মা নদীর মাঝি’ গল্পে লিখেছিলেন-ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবেনা। চা বাগানের শ্রমিকদের জীবন যাত্রা দেখে আমার ঠিক তাই অনুভব হলো।’

ওয়েব ফিল্মে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এখানে আমি একজন ইন্টার্ন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। চা বাগানে ইন্টার্ন করতে গিয়েই আমার আই ওপেনিং হয়ে এবং আমার মধ্যদিয়েই গল্পটা বলা হয়েছে। সবাইকে এই ওয়েব ফিল্মটি দেখার বিনীত অনুরোধ রইলো। কারণ আমাদের এই ওয়েব ফিল্ম নির্মাণের উদ্দেশ্য একটাই, আর তা হলো চা বাগানের শ্রমিকরা যেন ন্যায্য পারিশ্রমিক পায়। সরকারও যেন যেন এগিয়ে আসে।’

উল্লেখ্য, গেলো ঈদে সাফা কবির অভিনীত বেশ কয়েকটি নাটক এসেছে আলোচনায়। যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ‘মৎস্যকন্যা’, ‘ফড়িয়া’ বিশেষত উল্লেখযোগ্য। এছাড়াও গেলো রমজান মাসজুড়ে চ্যানেল আইতে সাফা কবিরের উপস্থাপনায় প্রচার হয় ‘ভালোবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন