‘গেম অব থ্রোনস’ খ্যাত তারকা মারা গেছেন

বিনোদন ডেস্ক

‘গেম অব থ্রোনস’ খ্যাত তারকা মারা গেছেন

বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোনস’ খ্যাত আইরিশ তারকা আইরিশ মাইকেল প্যাট্রিক মারা গেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাওমি শিহান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’ (এমএনডি)-এর সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর চিরবিদায় নিয়েছেন মাইকেল।

বিজ্ঞাপন

জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে অভিনয় করেছিলেন মাইকেল। তার চরিত্রটি খুব বড় না হলেও বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

কেবল ‘গেম অব থ্রোনস’ নয়, রূপালি পর্দায়ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এ তাকে দেখা গেছে। এছাড়া ‘ব্লু লাইটস’ ও ‘মাই লেফট নাট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো এবং থিয়েটার জগতেও তিনি ছিলেন সমানভাবে উজ্জ্বল ও সক্রিয়।

২০২৩ সাল থেকে মাইকেল ‘মোটর নিউরন ডিজিজ’ নামের এক বিরল ও জটিল রোগে ভুগছিলেন। এই রোগের প্রভাবে ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলতেন তিনি। শেষ দিকে শ্বাস-প্রশ্বাস নেওয়াও তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল।

মাইকেলের অকালপ্রয়াণে বিনোদন বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও অগণিত অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন