নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। শেষ মুহূর্তে জোরেশোরে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা না গেলেও রাজনৈতিক প্রচারণায় এবার শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ সরব হয়েছেন। বিশেষ করে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচারণায় বিভিন্ন আসনে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খানসহ কয়েকজন তারকাকে।
তবে তাদের মধ্যে নায়িকা শিমলার উপস্থিতি অনেককেই অবাক করেছে। কারণ, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী।
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা সে সময় নিজে গিয়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অথচ সেই শিমলাকেই এবার ধানের শীষের নির্বাচনি প্রচারণায় দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গতকাল ৯ ফেব্রুয়ারি ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন শিমলা।
এ নিয়ে ট্রলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রচারণার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দিতে রাজি হয়েছেন। আর আমাকে নিয়ে নয়-ছয় কথা বলবেন না প্লিজ! আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলব।’
নৌকার মনোনয়ন ফরম কেনার পর এবার ধানের শীষের পক্ষে মাঠে নামায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ট্রলের মুখে পড়েছেন শিমলা। হঠাৎ এমন অবস্থান পরিবর্তনের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

