আগামী ঈদে সাতদিনব্যাপী নাগরিক টিভিতে প্রচার হবে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায়’। ঈদের দিন থেকে প্রতিদিন রাত দশটায় নাগরিক টিভির পর্দায় এই অনুষ্ঠান প্রচার হবে।
নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘যথারীতি প্রতি বছরের ঈদের মতো এবারও বেশ বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে নাগরিক টিভির ঈদ বিশেষ অনুষ্ঠান। তারায় তারায় এই বর্ণাঢ্য আয়োজনেই একটি অংশ। এই আয়োজনে তারাকারা তাদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানান বিষয় নিয়ে কথা বলেছেন। প্রত্যেকেই বেশ স্বপ্রণোদিত হয়েই নাগরিক টিভির এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক শিল্পীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
এবারের ঈদের দ্বিতীয় দিনে ‘তারায় তারায়’ আয়োজনে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে। তিনি গত ১৬ মার্চ বিকেলে ‘নাগরিক’ টিভির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেছেন।
পূর্ণিমা বলেন, ‘তারায় তারায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে বেশ ভালো লাগল। নিজের চলচ্চিত্র জীবন নিয়েই বেশি গল্প করা হয়েছে। আশা করছি বিশেষ এই আয়োজন দর্শকের ভালো লাগবে।’
পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদ’র ‘আহারে জীবন’। কাজী হায়াৎ-এর ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমাতে অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

