অবশেষে উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতার অপেক্ষার অবসান হলো। বাংলাদেশ সময় ৩ আগস্ট, যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সায়েন্টোলজিতে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এ ববিতাকে ‘আনন্দ মেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়।
গত ২৪ জুলাই ববিতা তাঁর জন্মদিন উদযাপনের জন্য একমাত্র ছেলে অনিকের কাছে যান। ৩০ জুলাই জন্মদিন উদযাপন শেষে তিনি ৩১ জুলাই কানাডা থেকে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে যুক্তরাষ্ট্রের সময়ানুযায়ী গত ২ আগস্ট ববিতার হাতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সামনে ‘আনন্দ মেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হয়।

ববিতা বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে এবারই প্রথম আমার হাতে এত বড় সম্মাননা উঠে এলো। আমি আন্তরিক ধন্যবাদ জানাই খান মোহাম্মদ আলীকে এত কষ্ট করার জন্য এবং আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। দেশের মাটিতে রাষ্ট্রীয় সম্মাননাসহ আরও বহু সম্মাননায় ভূষিত হয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে এই সম্মাননা আমাকে এক অন্যরকম আনন্দ দিয়েছে। আমিতো মনে করি এই সম্মাননার মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে সার্বিকভাবে সম্মানিত করা হয়েছে, আমার দেশকে যুক্তরাষ্ট্রের মাটিতে সম্মানিত করা হয়েছে। আমি সত্যিই ভীষণ আনন্দিত এবং গর্বিত।’
খান মোহাম্মদ আলী বলেন, ‘ববিতা আপাকে শেষ পর্যন্ত আমাদের এবারের আয়োজনে আনতে পেরেছি—এটাই আমাদের কাছে অনেক বড় কিছু। এ জন্য ববিতা আপার প্রতি আমি ও আমার সঙ্গে থাকা সবাই ভীষণভাবে কৃতজ্ঞ। আনন্দ মেলা পরিবার ববিতা আপাকে সম্মানিত করতে পেরে ভীষণ গর্বিত। আমি বিশেষ ধন্যবাদ জানাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকেও আমাকে এই ব্যাপারে শতভাগ সহযোগিতা করার জন্য।’
খান মোহাম্মদ আলী জানান, এই আয়োজনে আরও সম্মাননা লাভ করেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে মুগ্ধতা ছড়ান কণা ও ইমরান। এছাড়াও তারকা দম্পতি নাঈম ও নাদিয়ার পারফর্ম্যান্সে মুগ্ধ হন দর্শক। উল্লেখ্য, ববিতার জন্মদিনে তাকে নিয়ে ‘আওয়ার ড্রিম গার্ল’ গানটি প্রকাশিত হয়েছে ‘দ্য বেস্ট টুয়েন্টি ফোর’ ইউটিউব চ্যানেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

