২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি দেশের নাট্যাঙ্গনে অভূতপূর্ব সাড়া ফেলেছিল। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরীর আবেগঘন অভিনয়ে নির্মিত সেই কাজ ইউটিউবে রেকর্ড গড়ার পাশাপাশি দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়। প্রায় এক দশক পর এবার দর্শকরা পেতে যাচ্ছেন ‘ছোট ছেলে’ শিরোনামের একটি নাটক।
তবে এটি পুরোনো কোনো কাজের রিমেক কিংবা আগের টিমের কাজ নয়। সম্পূর্ণ নতুন আঙ্গিকে ‘ছোট ছেলে’ পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব এবং এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। আগামী বৃহস্পতিবার ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে। আর এই নাটকের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান মাল্টিমিডিয়া’।
পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ একঝাঁক অভিনয়শিল্পীকে।
কাজটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা আরশ খান বলেন, ‘খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প এটি। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ‘সান ড্রামা’র প্রথম নাটক হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে সত্যি ভালো লাগছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

