আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

বাংলাদেশের নাট্যাঙ্গনের দুই জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। সম্প্রতি দেশের খ্যাতিমান নাট্যনির্দেশক চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই দুই প্রবীণ শিল্পীর অভিনীত ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকটি বেশ প্রশংসিত হয়েছিল। সেই সফলতার রেশ কাটতে না কাটতেই তাদের দুজনকে নিয়ে আবারও নতুন একটি নাটক নির্মাণ করলেন এই নির্মাতা। নতুন এই নাটকটির নাম ‘আহারে জীবন’।

নাটকটি রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার শফিকুর রহমান শান্তনু। এতে আবুল হায়াত ও ডলি জহুর ছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সূনেরাহ বিনতে কামাল। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।

বিজ্ঞাপন

পরিচালকের তথ্য অনুযায়ী, তাঁর পরিচালনায় আবুল হায়াত প্রায় আড়াই শত এবং ডলি জহুর দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন।

নতুন কাজ নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে চয়নিকা চৌধুরী বলেন, “আমার পরিচালনায় এই দুই কিংবদন্তী শিল্পী শত শত নাটকে অভিনয় করেছেন, এটা যে আমার কতো বড় এবং পরম সৌভাগ্য তা বলে বোঝানো যাবে না। আমি দুজন শিল্পীর প্রতি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আমাকে সবসময়ই আপ্লুত করে।”

অভিনেতা আবুল হায়াত বলেন, “চয়নিকা চৌধুরী একজন অভিজ্ঞ পরিচালক। নিঃসন্দেহে তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, যে কারণে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। আমরা একে অপরকে বেশ ভালো বুঝি। সত্যি বলতে কী, আমার সহশিল্পী আমার অভিনয় কীভাবে রিসিভ করে তার রিঅ্যাকশন দেবেন, এটা খুউব গুরুত্বপূর্ণ। ‘আহারে জীবন’ নাটকটির গল্প সুন্দর। আশা করছি দর্শকের ভালো লাগবে।”

অভিনেত্রী ডলি জহুর বলেন, “হায়াত ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি, ভীষণ আরামবোধ করি। তাকে আমি খুব সহজে বুঝতে পারি, তিনিও আমাকে সহজে বুঝতে পারেন। মূলকথা আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা চমৎকার। যথারীতি ‘আহারে জীবন’ নাটকেও আমাদের অভিনয় দর্শকের ভালো লাগবে। আর চয়ন তো আসলে আমাদের নিজেদের মানুষ। তার পরিচালনায় অসংখ্য নাটকে অভিনয় করেছি। চয়নের নাটক মানেই একটা আলাদা ভালোলাগা কাজ করে নিজের ভেতর। চয়নকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অভিনয় জীবনের সঙ্গে বহুবছর সম্পৃক্ত থাকার জন্য একজন পরিচালক হিসেবে।”

নির্মাতা জানান, নাটকটি শিগগিরই ‘রঙ্গন’ চ্যানেলে প্রচারে আসবে। উল্লেখ্য, এর আগে আবুল হায়াত ও ডলি জহুর অভিনীত সর্বশেষ প্রচারে আসা নাটকটি ছিল ‘দাদী ভয়ংকর’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন