এ সময়ের ব্যস্ত অভিনেত্রী দীপা খন্দকার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ফুফু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ কাজ শুরু করেছেন তিনি। এ কাজের শুটিং শুরু হবে এ সপ্তাহেই। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলে শুরু করেছেন মহিন খানের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এর কাজ। এ দুই কাজ শেষ করার পর চলতি মাসে রুবেল হাসান ও মহিদুল মহিনের নাটকে কাজ করবেন বলে জানিয়েছেন দীপা। দীপা খন্দকার অভিনীত হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মের গল্পে উঠে এসেছে সম্পর্কের এক ভিন্ন বাস্তবতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মের গল্পটা সুন্দর। এখানে দেখা যায় আমার সঙ্গে যার বিয়ে হয়, তার সঙ্গে বয়সের পার্থক্য প্রায় ১৮-২০ বছর। আমাদের মধ্যে সব সময় এটা-সেটা নিয়ে ঝগড়া লেগেই থাকে। তারপরও আমরা সুখে-শান্তিতে জীবন পার করে দিচ্ছি। আমাদের মধ্যে আলাদা হয়ে যাওয়ার কোনো ভাবনাই কাজ করে না। এরই মধ্যে আমরা সুখ খুঁজে নিই, শান্তি খুঁজে নিই।’
তবে গল্পের অন্য প্রান্তে ফুটে উঠেছে বর্তমান প্রজন্মের এক ভিন্ন চিত্র, যেখানে সম্পর্কের সুখ প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। দীপা বলেন, ‘অন্য প্রান্তে দেখা যায় এ প্রজন্মের ছেলেমেয়েরা বিয়ে করে বারবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিতে চায় তারা খুব সুখে আছে। কিন্তু আদৌ কি তারা সুখে থাকেÑএমন সব বিষয় নিয়েই মূলত হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মটি নির্মাণ করা হচ্ছে। খুব ভালো একটি কাজ হচ্ছে।’
এদিকে ‘কর্মফল’ নামে নতুন একটি নাটকে কাজ করছেন দীপা। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘মহিনের নাটকে আগেও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে মহিন কাজ করে। যেহেতু তার নিজের রচিত নাটকের নির্দেশনা সে নিজেই দিয়ে থাকে, তাই মহিনের কাজটাও খুব ভালো হয়। কর্মফল নাটকটি নিয়েও আমি আশাবাদী।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

