জাতীয় মেডিক্যাল ভর্তি পরীক্ষার (এনইইটি বা নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও বিশিষ্ট অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। পরীক্ষা ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।
গত ২০ জুন থেকে শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা নতুন দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। পরীক্ষা প্রক্রিয়ায় মারাত্মক অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পুরো পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং প্রশ্ন ফাঁস কাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন তারা।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নোরা ফাতেহি আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি লেখেন, ‘শিক্ষা শুধু পরীক্ষা বা নম্বরের বিষয় নয়, এটি ত্যাগ ও সংগ্রামের প্রতীক। গভীর রাত জেগে পড়াশোনা করা প্রতিটি শিক্ষার্থী এবং সন্তানের পড়ার খরচ চালাতে কষ্ট সহ্য করা প্রতিটি পরিবার ন্যায্যতা, মর্যাদা ও আস্থার দাবি রাখে।’
নোরা আরো বলেন, কোনো পরীক্ষার ভুল ফল বা ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে একটি প্রাণও ঝরে যাওয়া উচিত নয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বহু মানুষ চরম হতাশ ও মর্মাহত হয়েছেন। এ ঘটনায় যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে আন্দোলনের ময়দানে থাকা শিক্ষার্থীদের সাহসিকতা ও ধৈর্যের প্রশংসা করেন এই অভিনেত্রী।
অন্যদিকে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও ইনস্টাগ্রাম স্টোরিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পুলিশের কঠোর মনোভাবের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, ‘গণতন্ত্রে অহংকার ও লাঠির জোর একসময় ভেঙে পড়ে, আর তাতেই গণতন্ত্র আরো শক্তিশালী হয়। আহত এই তরুণদের প্রতি সহমর্মিতা দেখিয়ে আবারও নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এর আগে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়া প্রীতি জিনতা, সালমান খান, আর. মাধবন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দুলকার সালমান, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, হুমা কুরেশি, টোভিনো থমাস ও অনুরাগ কাশ্যপের মতো শীর্ষস্থানীয় তারকারা আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে দাঁড়িয়েছেন।
সূত্র: দ্য হিন্দু
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


