জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে স্বল্পদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র ‘আলী’। সিনেমাটি নির্মান করেছেন আদনান আল রাজীব।
১৯ এপ্রিল, জার্মানির ব্রেমেন শহরে অনুষ্ঠিত উৎসবের এবারের আসরের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতা বিভাগের অংশ হিসেবে ছবিটিকে এই সম্মাননা দেওয়া হয়। সামাজিক বাস্তবতা ও প্রান্তিক মানুষের গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার ঘোষণার সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা তাঁর অনুভূতি প্রকাশ করেন। এই সাফল্য তিনি উৎসর্গ করেন তাঁর সহকর্মী এবং দেশের সাধারণ মানুষদের।
তিনি বলেন, ‘যে কোনো স্বীকৃতি কাজের আনন্দকে বাড়িয়ে দেয়। এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই চলচ্চিত্রটি তাদের জন্য, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না। আমি এই অর্জন আমার টিম এবং আমার দেশকে উৎসর্গ করছি।’
ফিল্মফেস্ট ব্রেমেন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’ বিভাগটি মূলত সেসব চলচ্চিত্রকে দেওয়া হয়, যেগুলো সমাজের ভিন্নতা, পরিচয় এবং প্রান্তিক মানুষের গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরে।
এর আগে, ২০২৫ সালে বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব-এর শর্ট ফিল্ম বিভাগে ‘স্পেশাল মেনশন’ অর্জন করে আলোচনায় আসে ‘আলী’। সেই ধারাবাহিকতায় এবার ব্রেমেনেও জয় ছিনিয়ে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান জানান দিল ছবিটি। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির অসংখ্য চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে এই সাফল্য প্রমাণ করে—একটি শক্তিশালী গল্প সহজেই ভৌগোলিক সীমানা অতিক্রম করতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

