চলচ্চিত্রপ্রেমীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো ‘বরবাদ’, ‘তান্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’।
১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই চলচ্চিত্রটি দর্শকদের আকৃষ্ট করেছে।
রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদ প্রমুখ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর প্রতিশোধের গল্প নিয়ে হাই ভোল্টেজ এই চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে।
অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দুটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।
নব্বই দশকের আবহে নির্মিত তারকাবহুল এই চলচ্চিত্রটি পরিবার নিয়ে উপভোগ করার মতো চমৎকার একটি চলচ্চিত্র। হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র এটি।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সকল শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রীম টিকেট সরাসরি স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে এবং অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

