ভারতে শাহরুখ খানের রেকর্ড ভাঙল স্পাইডারম্যান

ভারতে শাহরুখ খানের রেকর্ড ভাঙল স্পাইডারম্যান

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। উদ্বোধনী দিনে কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করে এটি দেশটিতে হলিউড সিনেমার সর্বোচ্চ প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড গড়েছে।

বিজ্ঞাপন

বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড পেছনে ফেলেছে। এর আগে ‘এন্ডগেম’ প্রথম দিনে কর বাদে ৫৩ দশমিক ৬০ কোটি রুপি এবং ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ ৪০ দশমিক ৩০ কোটি রুপি আয় করেছিল। বক্স অফিস বিশ্লেষণে বলা হয়েছে, এটি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’–এর ৬৭ কোটি রুপি গ্রস উদ্বোধনী আয়ের রেকর্ডও অতিক্রম করেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তির একদিন আগেই ভারতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। কোনো ব্লক বুকিং বা প্রিভিউ শোর সুবিধা ছাড়াই এ সাফল্য অর্জন করেছে ছবিটি, যা এর বাণিজ্যিক সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

ভারতের বক্স অফিসে উদ্বোধনী দিনের আয় বাড়াতে অনেক সময় ব্লক বুকিং বা প্রিভিউ শোর টিকিট বিক্রির কৌশল দেখা গেলেও ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা ছিল না। তবুও ছবিটি শুধু হলিউড নয়, সাম্প্রতিক সময়ের কয়েকটি বড় বাজেটের ভারতীয় সিনেমার উদ্বোধনী দিনের আয়কেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের ধারণা, উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী না থাকায় চার দিনের সপ্তাহান্তে সিনেমাটির মোট আয় ১৫০ থেকে ২০০ কোটি রুপির মধ্যে পৌঁছাতে পারে। সেই পূর্বাভাস সত্যি হলে ভারতের বক্স অফিসে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করবে ছবিটি।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় নির্মিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হলো ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ (২০২১)-এর পরবর্তী কিস্তি। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন