আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রকাশ্যে টিজার

রহস্য আর নস্টালজিয়ায় ভরা ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন রিপোর্টার

রহস্য আর নস্টালজিয়ায় ভরা ‘বনলতা এক্সপ্রেস’

প্রকাশ পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’-এর টিজার। তানিম নূর পরিচালিত বহুল আলোচিত এই চলচ্চিত্রের অফিশিয়াল টিজার বুধবার রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে টিজারটি।

চলচ্চিত্রটি আগামী রোজার ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজারে উঠে এসেছে ২০০৭ সালের ডিসেম্বরের এক কুয়াশাচ্ছন্ন বিকেলের আবহ। কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া সেই বনলতা এক্সপ্রেসের ভেতরের এক খণ্ড চিত্র। যা দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

বিজ্ঞাপন

টিজারটিতে জনপ্রিয় কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’-এর সেই মায়াবী আবেশ এবং রহস্যের এক দারুণ সংমিশ্রণ দেখা গেছে। চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল বৈচিত্র্যময় যাত্রীকে ঘিরে। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, অজানার খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন, কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান সবাই হলেন এই ট্রেনের যাত্রী। সবার গন্তব্য এক হলেও এই ট্রেনযাত্রা তাদের প্রত্যেকের জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দেয়।

‘বনলতা এক্সপ্রেস’-এর কাস্টিং নিয়ে আলোচনা ছিল শুরু থেকেই। কেননা এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, শামীমা নাজনীন, ত্রিধা পাল মান , এ কে আজাদ সেতু, সিফাত রহমান, তামিম করিম, লাবণ্য চৌধুরী, সাবরিনা আজাদ, আরেফিন জিলানীসহ আরো অনেক।

ইউসিবি নিবেদিত এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় আছে হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ। টিজারটি বর্তমানে হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ট্রেন্ডিংয়ে রয়েছে। সিনেমাটির গান ও ট্রেলার শিগগিরই পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন