‘নয়া মানুষ’ দিয়ে নিউইয়র্কে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

‘নয়া মানুষ’ দিয়ে নিউইয়র্কে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

আগামী ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। উৎসবের উদ্বোধনী দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের আরটিভি থিয়েটারে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশুশিল্পী ঊষশী।

বিজ্ঞাপন

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ’ ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এই উৎসবটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু বাংলাদেশের নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত ও পুরস্কৃত হবে। এটি দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুপার সাইক্লোন সিত্রাং চলাকালে চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত হয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।

বলে রাখা যায়, তিন দিনব্যাপী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন