এলাকাবাসীর মানববন্ধন

তেঁতুলিয়া-গাগলাজুর সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে

তেঁতুলিয়া-গাগলাজুর সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
ছবি: আমার দেশ

সংস্কার ও উন্নয়নকাজে ধীরগতির কারণে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার তেঁতুলিয়া বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাওরপারের অন্তত ১০টি গ্রামের কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কটির বেহাল দশার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। গত শুকনো মৌসুমেও তারা সড়কটি সংস্কারের দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো সুফল মেলেনি।

তারা আরও বলেন, বর্ষা প্রায় শেষ। শুকনো মৌসুম শুরুর আগেই সড়কের সংস্কারকাজ শুরু না হলে তাদর দুর্ভোগ আরও বাড়বে। সড়কের কারণে এলাকার কৃষিপণ্য আনা-নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ভয়াবহ প্রভাব পড়েছে।

মানববন্ধন থেকে বক্তারা মোহনগঞ্জ-খালিয়াজুরীর সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব এবং বিএসটিআইয়ের চেয়ারম্যান কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, তারা যেন এখন থেকেই প্রয়োজনীয় অফিশিয়াল উদ্যোগ নিয়ে তেঁতুলিয়া-গাগলাজুর সড়কের সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় বক্তারা হাওরপারের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন