শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন

দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঐতিহ্যবাহী প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র ভূমিকা অসামান্য। দীর্ঘ বিরতির পর গত বছর পুনরায় চালু হওয়া এ আয়োজনে মিলেছিল দারুণ সাড়া। সেই ধারাবাহিকতায় এবার শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’।

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এবারের আসরের নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ইচ্ছুক প্রতিযোগীরা অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্বে উত্তীর্ণরা ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত বাছাইয়ে (সেরা ১০) অংশগ্রহণের সুযোগ পাবে। এরপর সেরা দশের মধ্য থেকে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে মূল ফাইনাল প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় লড়াই করবেন খুদে প্রতিযোগীরা। বিষয়গুলো হলো— অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত।

প্রতিযোগিতায় ‘ক’ শাখায় অংশগ্রহণকারীদের বয়সসীমা ৬ থেকে ১১ বছরের নিচে এবং ‘খ’ শাখার জন্য ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে ক্বিরাত প্রতিযোগিতাটি একক শাখায় অনুষ্ঠিত হবে, যেখানে ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর বয়সীরা অংশ নিতে পারবে। ক্বিরাত পর্বটি সরাসরি বিভাগীয় ও ফাইনাল—এই দুই ধাপে সম্পন্ন হবে।

নিয়মানুযায়ী, একজন আবেদনকারী সর্বোচ্চ ৩টি একক বিষয়ে এবং দলীয়সহ মোট ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশন (www.btv.gov.bd) ও নতুন কুঁড়ির অফিসিয়াল ওয়েবসাইটে (www.notunkuri.gov.bd) পাওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন