আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে পুলিশ

প্রতিনিধি, চবি

ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেছেন, পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু ভিতরের পশুত্ব পরিবর্তন হয়নি। পুলিশ ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সোহানুর রহমান বলেন, হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি তো আজ নতুন নয়। বেশ পুরনো হয়ে গেছে। কিন্তু আমরা ভুলে যায়নি। বাংলাদেশের মানুষের দাবি ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্ত করা হোক। কিন্তু ইন্টেরিম সরকার এ দাবি শুনেনি। ইন্টেরিম সরকার ভুলে গেছে তারা জুলাইয়ের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, আজকের হামলার ঘটনায় আবার প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছে—যমুনার আশপাশে মিছিল করা যাবে না বলে নাকি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে। কিন্তু আমরা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগেও পুলিশ সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াদ বলেন, হাসিনার দোসরা প্রশাসনে বিভিন্ন জায়গায় থাকার কারণেই আমরা হামলার শিকার হচ্ছি। এটা ইন্টেরিম সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা দেখলাম আজ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশ জুলাইয়ের চেয়ে ভয়াবহভাবে হামলা চালিয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই আবার জুলাই নেমে আসবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলে সঞ্চালনা করেন চাকসু সদস্য সোহানুর রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন