গুমের তদন্ত পুলিশ দিয়ে নয়, স্বাধীন কমিশনে করতে হবে: মঞ্জু

গুমের তদন্ত পুলিশ দিয়ে নয়, স্বাধীন কমিশনে করতে হবে: মঞ্জু

গুমের অভিযোগের তদন্ত পুলিশের মাধ্যমে না করে স্বাধীন কমিশনের মাধ্যমে করার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (৯ সেপ্টেম্বর) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস; সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বিজ্ঞাপন

মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে কোনো আইন পাসের আগে বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করার প্রতিশ্রুতি দিয়েছিল। জুলাই সনদের সময়ও সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশে আর গুম-খুন হবে না। কিন্তু গুমবিরোধী আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, ‘পুলিশ গুম করলে সেই পুলিশই যদি গুমের তদন্ত করে, তাহলে নিজেদের বিরুদ্ধে তারা কখনো সঠিক তদন্ত করবে না। পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত স্বাধীন কমিশনের মাধ্যমে করতে হবে।’

মঞ্জু অভিযোগ করেন, সরকার কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বরং বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে দলীয়করণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বর্তমান সরকারের আরও শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল। মানবাধিকার কমিশনকে শক্তিশালী করারও দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগের আইনকে এতই ভালোবাসেন, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসেন। বাংলাদেশের মানুষ আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে।’

এবি পার্টির আরেক নেতা শাহাদাত উল্লাহ টুটুল বলেন, সরকার সংসদকে দলীয় কোরামে পরিণত করার চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ভিন্নমত থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে আইন পাস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গুমের অভিযোগ পুলিশের বিরুদ্ধে থাকলেও তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশকে দিয়ে গুমের ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি গুম ও মানবাধিকার কমিশনকে স্বাধীন ও স্বচ্ছ পৃথক সংস্থায় পরিণত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা সংসদকে দলীয় স্বার্থের বাইরে রেখে জনগণের স্বার্থে কার্যকর করার পাশাপাশি গুম-খুনের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন আব্দুর রব জামিল, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন