দৃকে শুরু হলো প্রদর্শনী ‘ফ্লোটিলা: বাংলাদেশ সেইলস ফর গাজা’

দৃকে শুরু হলো প্রদর্শনী ‘ফ্লোটিলা: বাংলাদেশ সেইলস ফর গাজা’

রাজধানীর পান্থপথে অবস্থিত দৃকপাঠ ভবনে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে ‘ফ্লোটিলা: বাংলাদেশ সেইলস ফর গাজা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়া তিন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বেআইনি অবরোধকে চ্যালেঞ্জ করে গাজামুখী যাত্রায় অংশ নেওয়া তিন ফ্লোটিলা অ্যাক্টিভিস্ট— শহিদুল আলম, ব্রিটিশ-বাংলাদেশি জুবায়ের ইসলাম খান এবং মোহাম্মদ আলী (লিয়াকত)-এর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

প্রদর্শনীর মূল আকর্ষণ হলো আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনীর (আইওএফ) হাতে অবৈধভাবে আটক হওয়া, হয়রানি এবং ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে বেআইনিভাবে স্থানান্তরের নানা আলোকচিত্র, ভিডিও ফুটেজ ও স্মারক এতে প্রদর্শিত হচ্ছে।

তিন অ্যাক্টিভিস্টের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে শিল্পী সোফিয়া করিম কেৎজিয়েত কারাগারের নানা ঘটনার তিনটি পৃথক শৈল্পিক মডেল তৈরি করেছেন।

এছাড়াও ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবর ও ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত দুটি পৃথক ফ্লোটিলা মিশনের ঘটনাকে এতে একত্র করা হয়েছে।

উদ্বোধনী আয়োজনে রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান বলেন, ‘সংগ্রাম সহজ নয়, সংহতি শুধু কথায় সীমাবদ্ধ থাকতে পারে না। ফিলিস্তিনিরা স্বাধীনতা ও মর্যাদার জন্য সংগ্রাম চালিয়ে যাবে, আপনারা দয়া করে আমাদের ছেড়ে যাবেন না।’

প্রদর্শনীটির কিউরেটর ও দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান জানান, প্রদর্শনীটি খুব সরলভাবে ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের কঠিন অভিজ্ঞতাকে তুলে ধরেছে। অনুষ্ঠানে অ্যাক্টিভিস্টরা স্মরণ করেন, কীভাবে ইসরায়েলি বাহিনীর গুলিতে অনেকে আহত হয়েছিলেন এবং পরবর্তীতে সাধারণ মানুষের অনুদানে কেনা বাংলাদেশের পতাকাযুক্ত নিজস্ব নৌযান নিয়ে তাঁরা দ্বিতীয় অভিযান পরিচালনা করেছিলেন। শহিদুল আলম তাঁর বক্তব্যে, সংকটের সময়ে সংহতি প্রকাশ করার জন্য তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক নেতা তারেক রহমানের নৈতিক সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, আগামী ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন