মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভাব্য হামলা থেকে ইসরাইলকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোকে সুরক্ষা দিতে ইরানে অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে সহায়তা করার জন্য এটি করছি। আমরা ইসরাইলকে সহায়তা করার জন্য এটি করছি। আমরা নিজেদের স্বার্থেও এটি করছি। কারণ তারা ইসরাইলকে ধ্বংস করার পর তারা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করবে এবং এরপর ইউরোপ ও আমাদের কয়েকটি শহরের দিকে এগিয়ে আসবে।’
ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো করছে’ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে তেহরানের সঙ্গে সবশেষ উত্তেজনা নিয়ে ইসরাইলের জনগণকে আশ্বস্ত করেন ট্রাম্প। ইসরাইলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরাইলের চিন্তার কোনো কারণ নেই। জানেন কেন? কারণ আমি প্রেসিডেন্ট এবং আমি ইসরাইলের দেখভাল করব।’
প্রায় এক মাসের যুদ্ধবিরতির পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে ট্রাম্প এসব মন্তব্য করলেন।
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে থাকা রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালায়। এর জবাবে তেহরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরাইলের নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যে তার একটি বৃহত্তর অবস্থানের প্রতিফলন দেখা যায়। তিনি দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের পাশাপাশি ইসরাইলের নিরাপত্তায় নিজের ব্যক্তিগত অঙ্গীকারের বিষয়টিকেও সামনে আনছেন।
ট্রাম্প এর আগে একাধিকবার বলেছেন, ‘আমি না থাকলে ইসরাইল থাকত না।’
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


