বরিশালে ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের কনসালটেশন জোনে এ উৎসবের আয়োজন করা হয়।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মা ও শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গাইনি ও শিশু বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, পুষ্টি ও সুস্থ বিকাশের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে দুই শতাধিক মা ও শিশু অংশ নেন।
‘মা ও শিশু উৎসবে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডা. মাহমুদ হাসান খান, গাইনি বিশেষজ্ঞ ডা. সাবরিনা সুধা ও ডা. কাজী তৌকিয়া রহমান (রূপা), এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. জিয়াউর রহমান এবং হাসপাতালের আরএমও ডা. ফারহানা সিদ্দিকা আশা।
এ সময় বক্তারা বলেন, শৈশবে একটি শিশুর মনে যে মূল্যবোধ ও আচরণের ছাপ পড়ে, তা পরবর্তী জীবনে তার ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নৈতিক ও আদর্শবান সন্তান গড়ে তুলতে বাবা-মাকে নিজেদের আচরণ ও জীবনাচরণের মাধ্যমে সন্তানের জন্য আদর্শ হতে হবে। হৃদয়ের শান্তি ও চোখের শীতলতাকারী সন্তান শুধু দোয়া ও আকাঙ্ক্ষার মাধ্যমে তৈরি হয় না। শিশুকে মোবাইল ও ফাস্টফুড থেকে দূরে রাখতে পরামর্শ দেওয়া হয়। সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে বাবা-মাকে ব্যস্ততার মাঝেও তাদের জন্য পর্যাপ্ত ‘কোয়ালিটি টাইম’ দিতে হবে এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।
অনুষ্ঠানে বেশ কয়েকজন মা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় তিনি মায়েদের বিভিন্ন বিষয় ও সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। উৎসব শেষে অংশ নেওয়া সকল মা ও শিশুর হাতে উপহার এবং খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

