ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্ব জয়নগর সীমান্তের শূন্যরেখার কাছে নিজ জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ মোশাররফ জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

আহত কৃষক মোশাররফ জানান, শুক্রবার বিকেলে সীমান্তের কাছে নিজ জমিতে কাজ করছিলেন তিনি। এ সময় কোনো ধরনের উসকানি ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে একটি গুলি তার পিঠের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয় বাসিন্দারা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হলেও এখনো কিছু অংশ পেটের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তি শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে সীমান্তে নিরস্ত্র কৃষকের ওপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন