উপসচিবের স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র জারি করেছে একটি প্রতারক চক্র। ওই নিয়োগপত্রে মো. রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি চক্র কাজ করছে। সম্প্রতি উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে জারি করা একটি ভুয়া অফিস আদেশ মন্ত্রণালয়ের নজরে আসে।
১০ আগস্টের ভুয়া অফিস আদেশ
১০ আগস্ট তারিখে জারি করা ওই ভুয়া অফিস আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি অনুসরণ করে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন দেওয়ার কথা উল্লেখ করা হয়।
ভুয়া আদেশে বলা হয়েছে, নিয়োগটি ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।
সরাসরি নিয়োগের সুযোগ নেই
মন্ত্রণালয় বলেছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগ দেওয়ার সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে বিভ্রান্ত হয়ে অসাধু চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি না করতে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd)-এ প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন নেওয়া হয়। নিয়োগের প্রতিটি পর্যায়ের তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়।
ওয়েবসাইট অনুসরণের আহ্বান
মন্ত্রণালয় বলেছে, চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ দিয়ে প্রতারণা করে আসছে।
এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে চাকরিপ্রার্থীদের চাকরিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


