বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের প্রধান তথ্য উৎসে পরিণত হয়েছে। মানুষ অনেক সময় বিষয়টি গভীরভাবে না বুঝেই একটি পোস্ট, শিরোনাম বা ছবির ওপর ভিত্তি করে মত গঠন করে ফেলে। এই অভ্যাস ভুল তথ্য ছড়িয়ে পড়ার গতি আরো বাড়িয়ে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিষয়বস্তু এত দ্রুত তৈরি ও প্রচার করা যায় যে, অনেক সময় অভিজ্ঞ পাঠকের পক্ষেও প্রথম দেখায় সত্য ও মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতাও এই সংকটকে স্পষ্ট করে তুলেছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে তারা রেকর্ড ৪ হাজার ১৯৫টি ভুল বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে। একই সঙ্গে এক বছরের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ হারে ভুল তথ্য বৃদ্ধিও লক্ষ করা গেছে। তাদের পর্যবেক্ষণে দেখা যায়, ২০২৬ সালে রাজনৈতিক প্রেক্ষাপট ও জন-আলোচনাকে কেন্দ্র করে এ বছর আপাতত সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে।
উদ্বেগের বিষয় হলো, শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়; অনেক সময় সংবাদপত্র, টেলিভিশন কিংবা অনলাইন প্ল্যাটফর্মও দ্রুত তথ্য প্রকাশের প্রতিযোগিতায় পর্যাপ্ত যাচাই ছাড়াই বিষয় প্রকাশ করে ফেলে। তখন ভুল তথ্য সাধারণ মানুষের কাছে আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এর ফলে সমাজে বিভ্রান্তি তৈরি হয়, মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং সামাজিক উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি হয়। এআই যুগে তথ্য যাচাইয়ের ধারণাও বদলে গেছে। আগে ভুল তথ্য শনাক্ত করা তুলনামূলক সহজ ছিল। এখন প্রযুক্তির সাহায্যে তৈরি বিভ্রান্তিকর বিষয়বস্তু এতটাই নিখুঁত হয় যে, সাধারণ চোখে তা সত্য মনে হওয়া স্বাভাবিক। তাই এখন প্রয়োজন নতুন ধরনের তথ্য সচেতনতা, যেখানে শুধু পড়া নয়, বরং উৎস, প্রেক্ষাপট ও উদ্দেশ্য বোঝাও গুরুত্বপূর্ণ।
উৎস যাচাই করুন
যেকোনো তথ্য দেখার পর প্রথম কাজ হওয়া উচিত উৎস যাচাই করা—তথ্যটি কি পরিচিত ও দায়িত্বশীল কোনো মাধ্যম থেকে এসেছে, নাকি অজানা কোনো পেজ বা চ্যানেল থেকে ছড়ানো হচ্ছে। প্রতিষ্ঠিত মাধ্যম সাধারণত সম্পাদকীয় যাচাইয়ের মধ্য দিয়ে বিষয় প্রকাশ করে, কিন্তু ব্যক্তিগত পেজ বা অপরিচিত প্ল্যাটফর্মে সেই প্রক্রিয়া থাকে না। ওয়েবসাইটের নাম অদ্ভুত লাগলে, বানানে ভুল থাকলে বা হঠাৎ তৈরি হওয়া মনে হলে সতর্ক হওয়া জরুরি। অনেক ভুয়া প্ল্যাটফর্ম আসল মাধ্যমের মতো দেখতে বানানো হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য।
শুধু শিরোনাম নয়, পুরো বিষয় পড়ুন
অনেক মানুষ পুরো লেখা না পড়ে শুধু শিরোনাম দেখে মতামত তৈরি করে ফেলে। ভুল তথ্য ছড়িয়ে পড়ার এটি অন্যতম বড় কারণ। অনেক সময় শিরোনাম আকর্ষণীয় বা উত্তেজনাপূর্ণ হয়, কিন্তু ভেতরের তথ্য হয় অসম্পূর্ণ বা সেটি ভিন্ন অর্থ বহন করে। তাই অন্তত কয়েকটি অনুচ্ছেদ পড়ে তথ্যের ভেতরে প্রমাণ, সূত্র বা নির্ভরযোগ্য উল্লেখ আছে কি না, তা দেখা উচিত।
ছবি যাচাই করুন, গুগল লেন্স ব্যবহার করুন
ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে পুরোনো ছবি নতুন ঘটনার সঙ্গে ব্যবহার করা খুব সাধারণ কৌশল। একটি ছবি সত্য মনে হলেও সেটি হয়তো বহু বছর আগের বা অন্য দেশের ঘটনা হতে পারে। মোবাইল ফোনে গুগল লেন্স ব্যবহার করে ছবি অনুসন্ধান করলে জানা যায়, ছবিটি আগে কোথায় ব্যবহৃত হয়েছে। যদি একই ছবি পুরোনো বা ভিন্ন প্রেক্ষাপটে পাওয়া যায়, তবে বোঝা যায় বর্তমান দাবিটি ভুল হতে পারে। সাধারণ ব্যবহারকারীর জন্য এটি খুব সহজ এবং কার্যকর একটি উপায়।
ভিডিও দেখলেই বিশ্বাস করবেন না
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ডিপফেক ভিডিওতে মানুষের মুখ, কণ্ঠস্বর ও অভিব্যক্তি পর্যন্ত নকল করা সম্ভব। ভিডিও দেখার সময় ঠোঁটের নড়াচড়া ও শব্দ মিলছে কি না, আলো বা ছায়া অস্বাভাবিক লাগছে কি না, বা কণ্ঠস্বর স্বাভাবিক শোনাচ্ছে কি না, তা খেয়াল করা জরুরি। ভিডিওর একটি স্থিরচিত্র নিয়ে অনুসন্ধান করলে অনেক সময় আসল উৎস পাওয়া যায়।
একাধিক উৎস মিলিয়ে দেখুন
একটি পোস্ট বা ভিডিও কখনোই চূড়ান্ত সত্য নয়। কোনো বড় বিষয় হলে সাধারণত একাধিক নির্ভরযোগ্য মাধ্যমে সেই তথ্য পাওয়া যায়। যদি একটি তথ্য শুধু একটি জায়গায় পাওয়া যায় এবং অন্য কোথাও না পাওয়া যায়, তবে সেটি নিয়ে সন্দেহ করা উচিত। বিভিন্ন উৎস মিলিয়ে দেখা এখন ডিজিটাল যুগের নিরাপদ অভ্যাস।
আবেগকে লক্ষ করে
ভুল তথ্য সাধারণত মানুষের আবেগকে লক্ষ করে তৈরি করা হয়। রাগ, ভয় বা উত্তেজনা তৈরি করতে পারলে মানুষ যাচাই না করেই শেয়ার করে ফেলে। তাই কোনো তথ্য খুব দ্রুত আবেগপ্রবণ করে তুললে সেটিকে থামিয়ে যাচাই করা জরুরি। আবেগ যত বেশি, যাচাই তত বেশি প্রয়োজন। দ্রুত শেয়ার নয়, আগে ভাবুন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ হলো চিন্তা না করে শেয়ার করা। কয়েক মুহূর্ত সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন—আপনি কি তথ্যটির সত্যতা সম্পর্কে নিশ্চিত। এই সামান্য বিরতিই অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধ করতে পারে।
তথ্য যাচাইকারী প্ল্যাটফর্ম ব্যবহার করুন
বাংলাদেশে এখন বেশ কয়েকটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান কাজ করছে। সন্দেহজনক কোনো তথ্য দেখলে তাদের ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমের পেজে খুঁজে দেখা যেতে পারে। অনেক সময় একই বিষয় আগেই যাচাই করা থাকে, যা আপনাকে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

