কাজাখস্তানে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

কাজাখস্তানে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ
ছবি: আনাদোলু

কাজাখস্তানে নতুন সংবিধানের অধীনে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে রাত আটটা পর্যন্ত।

নতুন ব্যবস্থায় দুই কক্ষের পার্লামেন্ট বিলুপ্ত করে ১৪৫ সদস্যের একক কক্ষের আইনসভা গঠন করা হবে। নির্বাচনে নিবন্ধিত সাতটি দলই অংশ নিচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল অ্যাডিলেতের জয় প্রায় নিশ্চিত।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচন মূলত প্রেসিডেন্ট তোকায়েভের ক্ষমতা আরো সুসংহত করার উদ্যোগ। এতে সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের রাজনৈতিক প্রভাব আরো কমবে।

তবে নির্বাচন নিয়ে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। স্বাধীন প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই এবং প্রকৃত বিরোধী দলও কার্যত অনুপস্থিত। ফলে ভোটারদের রাজনৈতিক পছন্দ সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউরোপীয় ইউনিয়নও কাজাখস্তানের রাজনৈতিক পরিস্থিতির অবনতিতে কঠোর প্রতিক্রিয়া দেখাবে—এমন সম্ভাবনা কম। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বিকল্প বাণিজ্যপথ ও জ্বালানি উৎস হিসেবে মধ্য এশিয়ার গুরুত্ব ইউরোপের কাছে বেড়েছে। ২০২৫ সালে কাজাখস্তান ইইউর দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী ছিল।

পররাষ্ট্রনীতিতেও কাজাখস্তানকে কঠিন ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর দেশটি রাশিয়ার ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে চায় না, আবার চীনের ওপরও নির্ভরতা বাড়াতে অনিচ্ছুক। একই সঙ্গে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় সরাসরি যোগ দেয়নি দেশটি।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে কাজাখস্তান ইইউ, রাশিয়া ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি আরব ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বাড়াবে। ইউরোপ কাজাখস্তানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ বাজার এবং বিনিয়োগের সম্ভাব্য উৎস হয়ে উঠতে পারে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন