পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুলিশের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এ বিষয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে।
তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। গত কয়েক মাসে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে দলটি এ অভিযোগ করে আসছে। এবার বিষয়গুলো রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে তুলে ধরতে চায় তারা।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে পুলিশের ক্ষমতার অপব্যবহার নিয়েও তারা অভিযোগ জানাবে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এবং তাদের সভা ও মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।
সম্প্রতি ৩০ মে সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই সময় তাকে চড়-ঘুষি মারা এবং ডিম ছোড়ার অভিযোগ করে তৃণমূল। পরে দলের কয়েকজন বর্তমান ও সাবেক জনপ্রতিনিধির ওপরও ডিম ছোড়ার ঘটনা ঘটে বলে দলটির অভিযোগ।
এ ছাড়া বৃহস্পতিবার ভোরে কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ে হামলার অভিযোগও করেছে দলটি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অস্ত্র হাতে একদল লোক কার্যালয়ে ঢুকে কর্মীদের ওপর হামলা, ফোন কেড়ে নেওয়া ও ভাঙচুর করেছে। এ সময় পুলিশ নীরব ছিল বলেও অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রপতি ও রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হলে এসব ঘটনার পাশাপাশি নারী নির্যাতন এবং বিরোধীদের কণ্ঠরোধে সরকারের দমনমূলক পদক্ষেপের অভিযোগও তুলে ধরবে তৃণমূল।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশটির সাংবিধানিক প্রধান। আর রাজ্যপাল আর এন রবি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের মার্চে তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তৃণমূলের এই উদ্যোগের ফলে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী তৃণমূলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


