আয়-ব্যয়ের ভারসাম্যে যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় ১০ শহর

আয়-ব্যয়ের ভারসাম্যে যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় ১০ শহর

চাকরির সুযোগ, আয় বৃদ্ধি এবং আবাসন ব্যয়ের মধ্যে তুলনামূলক ভালো ভারসাম্য থাকায় যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর মিলেনিয়াল প্রজন্মের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। এক বিশ্লেষণে এমন ১০টি মার্কিন মহানগর এলাকার কথা তুলে ধরা হয়েছে, যেখানে তরুণ কর্মজীবীরা চাকরি ও আয় বৃদ্ধির পাশাপাশি তুলনামূলকভাবে আবাসন ব্যয় সামাল দেওয়ার সুযোগ পাচ্ছেন।

অনলাইন এস্টেট পরিকল্পনা প্রতিষ্ঠান ট্রাস্ট অ্যান্ড উইলের এক বিশ্লেষণে তরুণ কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি, আয়ের প্রবণতা, বাড়ির দাম এবং নতুন আবাসন নির্মাণের তথ্য বিবেচনা করা হয়েছে। তালিকায় দ্রুত কর্মসংস্থান বৃদ্ধির শহর হিসেবে রয়েছে টেক্সাসের অস্টিন, অ্যারিজোনার ফিনিক্স, আইডাহোর বোইসি এবং ফ্লোরিডার জ্যাকসনভিল। এসব শহরে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি নতুন আবাসন নির্মাণও বাড়ছে।

বিজ্ঞাপন

অস্টিনে দ্রুত চাকরি বৃদ্ধি এবং নতুন আবাসন নির্মাণ মজুরি বৃদ্ধি ও আবাসন ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে। ফিনিক্সে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নতুন আবাসন নির্মাণের কারণে আয় বাড়লেও আবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখার সুযোগ তৈরি হয়েছে।

বোইসিতে আবাসনের সরবরাহ বাড়ার ফলে বাড়ির দাম আগের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমেছে। একই সময়ে চাকরি ও আয় বৃদ্ধির ধারা শক্তিশালী রয়েছে। অন্যদিকে, জ্যাকসনভিলে চাকরির সুযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আবাসন ব্যয় বৃদ্ধির চেয়ে দ্রুত হওয়ায় শহরটি তরুণ ও প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

চাকরি, আয় ও আবাসন—তিন ক্ষেত্রেই ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে নর্থ ক্যারোলিনার র‍্যালি ও শার্লট এবং টেনেসির ন্যাশভিলে। র‍্যালিতে স্থিতিশীল আয় বৃদ্ধি এবং তুলনামূলকভাবে নিয়ন্ত্রণযোগ্য আবাসন ব্যয় অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছে। শার্লটে জিডিপি ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বাড়ির দামও তুলনামূলকভাবে নাগালের মধ্যে রয়েছে।

ন্যাশভিলেও নতুন চাকরি সৃষ্টি অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাড়ি নির্মাণ বাড়ায় আবাসন ব্যয় আয়ের তুলনায় অতিরিক্ত দ্রুত বাড়ার চাপ কিছুটা কমেছে। তালিকায় আরও রয়েছে কলোরাডোর ডেনভার ও ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো। ডেনভারে আয় বৃদ্ধি এবং আবাসন বাজার কিছুটা শীতল হওয়ায় আগের তুলনায় বাড়ি কেনার সামর্থ্য বেড়েছে। স্যাক্রামেন্টোতে আয় বৃদ্ধি ও নতুন আবাসন সরবরাহ বাড়ায় জীবনযাত্রার ব্যয়জনিত চাপ সামলাতে কিছুটা সহায়তা মিলছে।

বিশ্লেষণে বলা হয়েছে, তালিকাভুক্ত বেশির ভাগ শহর মাঝারি আকারের অথবা দ্রুত বর্ধনশীল। এসব শহরে কর্মসংস্থান বাড়লেও নতুন আবাসন নির্মাণের কারণে আবাসন বাজারে তুলনামূলক কম চাপ পড়ছে। তবে এসব শহরকে পুরোপুরি সস্তা বলা যাবে না। ব্যক্তিগত আয়, চাকরির ধরন, কখন বাড়ি বা বাসা ভাড়া নেওয়া হচ্ছে—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। তবুও চাকরি, আয় ও আবাসন ব্যয়ের মধ্যে তুলনামূলক ভারসাম্য থাকায় মিলেনিয়ালদের জন্য এসব শহরে কর্মজীবন ও আবাসনসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া কিছুটা সহজ হতে পারে।

সূত্র: ইনভেস্টোপিডিয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন