অনুমতি ছাড়াই কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে চলছে ‘বাণিজ্য মেলা’

অনুমতি ছাড়াই কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে চলছে ‘বাণিজ্য মেলা’

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি অচল পড়ে থাকা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা। অথচ সেই বিমানবন্দরের রানওয়েতেই চলছে কথিত ‘বাণিজ্যমেলা’। এ ঘটনায়

প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের উদ্যোগে গত ১৬ আগস্ট থেকে দুই মাসের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয়ভাবে মেলা তদারকির সঙ্গে আমির হোসেনের সহযোগী বাদল ও বিল্লাল হোসেনের নামও এসেছে।

অভিযোগ রয়েছে, দর্শনার্থীরা মেলায় প্রবেশের জন্য অর্থ দিয়ে কুপন নিচ্ছেন এবং সেই কুপনের মাধ্যমে লটারিতে পুরস্কার জেতার সুযোগ দেওয়া হচ্ছে। তবে মেলার শুরুতে লটারির কার্যক্রম বন্ধ থাকলেও গত শুক্রবার থেকে তা আবার চালু করা হয়েছে। আর রানওয়ের ওপর নির্মাণ করা হয়েছে বিভিন্ন রাইড ও অস্থায়ী স্থাপনা।

মেলা আয়োজনের বিষয়ে জানতে চাইলে আমির হোসেন আমার দেশকে বলেন, দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের বিক্রয়ের জন্য স্টল তৈরি করা হয়েছে। এখানে কোনো অবৈধ কার্যক্রম হয় না।

এ বিষয়ে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আমার দেশকে বলেন, স্থানীয় বিএনপির ১০ জন নেতা মেলা আয়োজনের অনুমতির জন্য তার কাছে তদবির করেছিলেন। কিন্তু তিনি অনুমতি দেননি।

এ নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এ মেলা আয়োজনে সিটি করপোরেশন থেকে অনুমতি নেওয়া হয়নি । কারা আয়োজন করছে এ বিষয়ে আমরা কিছু জানি না । যদি কেউ অভিযোগ করে তাহলে আমরা ব্যবস্থা নেব ।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মেলা আয়োজনের বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে কোনো অনুমতির আবেদন আসেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন