ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
সংসদ ভবন ও এর আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকারক বা দূষণীয় দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচলেও নিয়ন্ত্রণ থাকতে পারে।
সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এর মধ্যে বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকাও রয়েছে।
এ ছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় আরো রয়েছে রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা। ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাও এর মধ্যে পড়েছে। এসব সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথেও নিষেধাজ্ঞা থাকবে।
ডিএমপি বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ সময়ে এসব এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।
সংসদ অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


