বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর এক পর্যটকের লাশ উদ্ধার করেছে বিজিবি। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন নদীর পাড়ে জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
থানচি থানার ওসি কানন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনানুগ কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তিন্দু এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। এরপর থেকে স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। ২৫ জুলাই দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে তিন সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আটজন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নেন। তবে সেদিন নদীতে নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

