জাহাঙ্গীর হত্যা: প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম এমপি ফজলুর রহমানের

জাহাঙ্গীর হত্যা: প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম এমপি ফজলুর রহমানের

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) মো. জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) বিকেলে মিঠামইন উপজেলার বালুর মাঠে জাহেদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।

এ সময় ফজলুর রহমান বলেন, ‘জাহাঙ্গীর আমার ছেলের মতো ছিল। এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে আমি সংসদ সদস্য পদ ছেড়ে দেব। প্রশাসনকে ১৫ দিনের সময় দিচ্ছি। এই হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনতে হবে।’

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন মো. জাহেদুল আলম জাহাঙ্গীর। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে হাদিস মিয়া নামে অপর এক বিএনপি কর্মী গুরুতর আহত হন।

শোকসভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা জাহেদুল আলম জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শোকসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...