রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়ের সূচনায় প্রকল্প এলাকায় কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এই ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি প্রকল্পে কর্মরত রাশিয়ান কর্মকর্তাদের মুখে কেক তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অর্জনের জন্য রাশিয়া সরকার, রোসাটম এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন। বিশেষ করে গত নয় বছর ধরে দিনরাত নিরলসভাবে কাজ করে যাওয়া বাংলাদেশের বিজ্ঞানী ও তরুণ বিজ্ঞানীদের অবদান তিনি বিশেষভাবে স্মরণ করেন।

মন্ত্রী বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তারা যে অবদান রেখেছেন, তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অর্জন নিয়ে দেশের সবার গর্বিত হওয়া উচিত।

তিনি আরও বলেন, রাশিয়া সরকার, রোসাটমের শীর্ষ নেতৃত্ব, প্রকৌশলী, বিশেষজ্ঞ এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালক (পিডি) ড. কবীর হোসেন, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতীয় গ্রিডের সঙ্গে সফল সংযোগের মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। রূপপুরের এই অর্জন বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন