রাণীশংকৈলে একই জমিতে শিম-আদা চাষে ঝুঁকছেন কৃষকরা

রাণীশংকৈলে একই জমিতে শিম-আদা চাষে ঝুঁকছেন কৃষকরা

দিন দিন কমছে কৃষিজমির পরিমাণ। অন্যদিকে বাড়ছে খাদ্য উৎপাদনের চাহিদা। এমন পরিস্থিতিতে অল্প জমিতে বেশি ফসল উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের এ কৌশল কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে দেখা যায়, একই জমিতে মাচা তৈরি করে ওপরের অংশে শিম এবং নিচে আদা চাষ করছেন কৃষকরা। এ পদ্ধতিতে কৃষক বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে শিম ও আদা চাষ করেছেন।

কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন বলেন, একই জমিতে দুই ধরনের ফসল চাষ করে তাঁরা বেশ লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হলেও জমিতে আদা থাকবে। ফলে একটি ফসল তোলার পর অন্য ফসল থেকে আয় করা সম্ভব হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, দিন দিন কৃষিজমির পরিমাণ কমে আসছে। তাই একই জমিতে একাধিক ফসল উৎপাদনের কৌশল হিসেবে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

তিনি জানান, উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ করা হচ্ছে। এ ছাড়া ক্রমিক পদ্ধতিতে আলুর সঙ্গে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সঙ্গে ঝিঙা চাষ হচ্ছে প্রায় ৮ হেক্টর জমিতে। এসব পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা গেলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের উৎপাদন ও আয় বাড়ানো সম্ভব হবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন