ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাতে রূপ নিচ্ছে

ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাতে রূপ নিচ্ছে

যুদ্ধের আট মাস পেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যে স্থায়ী কোনো সমঝোতার লক্ষণ নেই। বরং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে সংঘাত এক নতুন রূপ নিয়েছে। বড় পরিসরে যুদ্ধের তীব্রতা কিছুটা কমলেও উত্তেজনা কমেনি। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হওয়ার বদলে সংঘাতটি একধরনের ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থায় আটকে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেও যুদ্ধ দ্রুত শেষ করার কোনো তাগিদ দেখা যাচ্ছে না। গত সপ্তাহের শেষ দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়েছে। আমরা তাদের অর্থ পেয়েছি, শত শত বিলিয়ন ডলার, আর পেয়েছি তাদের প্রণালি।’ এখানে তিনি পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালির কথা উল্লেখ করেছেন।

একই পোস্টে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোতে ‘দুর্নীতি ও অপরাধের’ বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে বলেন। এর আগে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন ভ্যান্স। তার নেতৃত্বে আলোচনার পর জুনে দুই পক্ষের মধ্যে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল।

তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধী ইঙ্গিত পাওয়া গেছে। গত সপ্তাহের শুরুর দিকে তিনি বলেছিলেন, সামরিক দিক থেকে যুদ্ধ ‘কার্যত শেষ’। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আবারও হামলা চালাতে দ্বিধা করবেন না বলেও তিনি সতর্ক করেছিলেন।

ট্রাম্পের এমন অবস্থানের মধ্যেই গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে তাঁর দল রিপাবলিকান পার্টি। নির্বাচনে পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাবকে দায়ী করেছেন ভ্যান্স। বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিয়েছে।

দুই পক্ষ এখন কী চায়

পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য এবং ভ্যান্সের যুদ্ধের সমালোচনা রিপাবলিকান পার্টির ভেতরের মতপার্থক্যেরই ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের অন্তত একটি অংশ সংঘাতের স্থায়ী সমাধান ছাড়াই বর্তমান পরিস্থিতি বজায় রাখতে আগ্রহী।

এর অর্থ হতে পারে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রাখা এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা। তবে এই দুটি বিষয়ই ইরানের জন্য বড় আপত্তির জায়গা। তেহরান বারবার বলেছে, এসব পদক্ষেপ প্রত্যাহারসহ তাদের অন্যান্য দাবি পূরণ না হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা শান্তি আলোচনা আবার শুরু করা হবে না।

গত ৯ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কর্মকর্তাদের ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।

পেজেশকিয়ান আরও বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত; তবে কোনো ধরনের চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আল–জাজিরাকে বলেছেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’ অর্থাৎ আলোচনার জন্য ইরানের শর্ত মেনে নেওয়া অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

অমীমাংসিত বা স্থবির সংঘাত বলতে কী বোঝায়

‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা স্থবির সংঘাতের সুনির্দিষ্ট কোনো আইনি সংজ্ঞা নেই। সাধারণত এমন সংঘাতকে এই নামে অভিহিত করা হয়, যেখানে বড় পরিসরের যুদ্ধ বন্ধ হয়ে যায় বা ব্যাপকভাবে কমে আসে, কিন্তু কোনো শান্তিচুক্তি কিংবা রাজনৈতিক সমাধান হয় না। এমনকি যুদ্ধের পেছনের মূল বিরোধগুলোও অমীমাংসিত থেকে যায়।

এ ধরনের পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ কিংবা দুই পক্ষের অবস্থান একপর্যায়ে কার্যত স্থায়ী রূপ নেয়। বর্তমান ইরান যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে নিজেদের অনুমোদন ছাড়া চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে বলে দাবি করছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেও তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এ ধরনের সংঘাতে দুই পক্ষই সাধারণত নিজেদের সামরিক অবস্থান বজায় রাখে। কখনো যুদ্ধবিরতি রেখা কিংবা বাফার জোনের মাধ্যমে দুই পক্ষের মধ্যে দূরত্ব বজায় থাকে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান না ঘটলেও যুদ্ধবিরতি বা সাময়িক সমঝোতা হতে পারে। যেমন—গত জুনে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, তবে কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেঙে পড়ে।

১৯৯০ ও ২০০০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর কয়েকটি সংঘাত বোঝাতে ‘ফ্রোজেন ওয়ার’ বা স্থবির যুদ্ধ শব্দবন্ধটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে। এর মধ্যে ছিল মলদোভার ট্রান্সনিস্ট্রিয়া, জর্জিয়ার আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া এবং নাগোরনো-কারাবাখের সংঘাত।

তবে স্থবির সংঘাত মানেই শান্তিপূর্ণ পরিস্থিতি নয়। এ ধরনের সংঘাতে ছোটখাটো লড়াই, অবরোধ, অর্থনৈতিক যুদ্ধ এবং মাঝেমধ্যে বড় ধরনের উত্তেজনা দেখা দিতে পারে। এর প্রধান বৈশিষ্ট্য হলো, কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে না, আবার স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় ছাড় দিতেও কেউ রাজি হয় না।

ইরান যুদ্ধ কি স্থবির সংঘাতে রূপ নিতে পারে?

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনার পর জুনে একটি সমঝোতা স্মারক সই হয়। এর ফলে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হয় এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও অল্প সময়ের জন্য তুলে নেওয়া হয়েছিল।

কিন্তু হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্যের কারণে সেই যুদ্ধবিরতি বেশি দিন টেকেনি। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই আবারও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সমালোচনামূলক নিরাপত্তা অধ্যয়নের সহকারী অধ্যাপক মুহান্নাদ সেলুমের মতে, কূটনৈতিক দিক থেকে ইরান যুদ্ধ ইতিমধ্যেই স্থবির সংঘাতে পরিণত হয়েছে। গত জুলাইয়ে জুনের সমঝোতা ভেঙে পড়ার পর থেকেই পরিস্থিতি এমন রূপ নিয়েছে।

তবে তিনি মনে করেন, সংঘাতটিকে পুরোপুরি ‘স্থবির’ বলাও যথাযথ নয়। কারণ, হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে, প্রতিদিন জাহাজে হামলার ঘটনা ঘটছে এবং দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে হামলা চালিয়েছে, যার মধ্যে কেশম দ্বীপের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও রয়েছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে নিজেদের অনুমোদনহীন পথে চলাচলকারী ট্যাংকারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

বাণিজ্যবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর হরমুজ প্রণালি দিয়ে মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। পরদিন কোনো জাহাজই প্রণালিটি অতিক্রম করেনি। অথচ যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, তারা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করছে।

সেলুম আল–জাজিরাকে বলেন, ‘যুদ্ধের ধরন বদলে গেছে। আকাশপথে হামলার অভিযান থেকে এটি এখন অবরোধের যুদ্ধে পরিণত হয়েছে।’ তাঁর মতে, অবরোধের অবসান তখনই ঘটে, যখন অবরুদ্ধ পক্ষ হয় ভেঙে পড়ে, নয়তো অবরোধ ভেঙে বেরিয়ে আসে।

ওয়াশিংটনের সামনে বিকল্প কী?

বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ। গত অক্টোবরে শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের এক জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চালানো যুক্তরাষ্ট্রের ঠিক হয়নি। এ ছাড়া ইরানে মার্কিন সেনা পাঠানোর বিরোধিতাও বিভিন্ন জরিপে ধারাবাহিকভাবে উঠে এসেছে।

মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যারা মনে করেন এই যুদ্ধের কারণে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো যুক্তিযুক্ত, তাঁদের প্রকাশ্যে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দেওয়া উচিত।

সেলুম বলেন, ‘যুদ্ধের পক্ষে জনসমর্থন যেখানে মাত্র ৩১ শতাংশ এবং কংগ্রেসের নিয়ন্ত্রণও হারিয়েছে রিপাবলিকানরা, সেখানে স্থল অভিযান চালানোর পক্ষে জনমত তৈরি করা প্রায় অসম্ভব।’

তবে বর্তমান শর্তে যুদ্ধ শেষ করাও যুক্তরাষ্ট্রের জন্য আকর্ষণীয় নয়। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রত্যাহার করা হলে দেশটির তেল রপ্তানি আবার বেড়ে যেতে পারে। এই অবরোধের মূল উদ্দেশ্যই ছিল ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেশটির অর্থনীতিকে দুর্বল করা।

একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে রেখে যুদ্ধ শেষ করলে আট মাসের সংঘাতের পর ট্রাম্পের অর্জন বলতে কিছুই থাকবে না। বরং যুদ্ধ শুরুর আগের অবস্থার চেয়েও বর্তমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যুদ্ধ থেকে সরে আসাকে ট্রাম্প নিজেই ‘পরাজয়’ হিসেবে দেখছেন।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের গবেষক তালহা আবদুলরাজ্জাক বলেন, ‘বিস্ময়কর বিষয় হলো, স্থল অভিযান ছাড়া এই যুদ্ধে সামরিক সমাধানের কোনো পথ নেই।’

তবে ট্রাম্প স্থলবাহিনী পাঠাতে অনিচ্ছুক। অন্যদিকে মার্কিন জনগণও ইরাক বা আফগানিস্তানের মতো আরেকটি যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায় না। ফলে কোনো পক্ষই নিজেদের আলোচনার অবস্থান থেকে সরে না এলে সংঘাত আরও দীর্ঘায়িত হবে বলে মনে করেন তিনি।

আবদুলরাজ্জাকের মতে, ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তির চেয়েও অনেক বেশি কিছু চান। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় হওয়া ওই চুক্তির আনুষ্ঠানিক নাম ছিল ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ)। চুক্তি অনুযায়ী, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা মেনে নিতে এবং নিয়মিত পরিদর্শনের সুযোগ দিতে সম্মত হয়েছিল।

কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। আবদুলরাজ্জাক বলেন, ‘এ ধরনের কোনো চুক্তি মেনে নেওয়ার মতো রাজনৈতিক সুযোগ ট্রাম্পের হাতে নেই। অন্যদিকে ইরানও তাঁকে ওই শর্তগুলো দিতে রাজি নয়।’

তাঁর ভাষায়, ট্রাম্প এখন ‘উভয় সংকটে’ পড়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে হয় চূড়ান্তভাবে যুদ্ধ জয়ের চেষ্টা করতে হবে, নয়তো তুলনামূলক কম সুবিধাজনক শর্ত মেনে নিতে হবে। এর কোনোটিই না হলে দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে সংঘাত স্থবির অবস্থায় চলতে থাকবে।

আবদুলরাজ্জাক আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধের বড় ধরনের উত্তেজনা বাড়ানোর উদ্যোগ আগামী দুই মাসের মধ্যেই আসতে পারে। কারণ, এর পরেই মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের হাতে চলে যাবে।

জানুয়ারি পর্যন্ত বিদায়ী কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকছে, যদিও ব্যবধান খুবই কম। আবদুলরাজ্জাকের মতে, ট্রাম্পের সামনে এই সময়টুকুই ‘সুযোগের সংকীর্ণ জানালা’। বিশেষ করে ডিসেম্বর পর্যন্ত ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী বহর থাকার সম্ভাবনা রয়েছে।

এই সময়সীমা পেরিয়ে গেলে হোয়াইট হাউস ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি বজায় রাখতেই বেশি আগ্রহী হবে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ওয়াশিংটন মনে করে, অর্থনৈতিক চাপ মোকাবিলার সক্ষমতা ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের বেশি।

তবে হরমুজ প্রণালি ও এর আশপাশে অবরোধ দীর্ঘদিন চালিয়ে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন সেলুম। তাঁর মতে, অবরোধের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য অতিরিক্ত বেড়ে গেলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

তিনি বলেন, ‘মার্কিন নাগরিকদের মৃত্যু, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জ্বালানির দাম অতিরিক্ত বেড়ে যাওয়া, কিংবা তেহরান ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিচ্ছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেলে এই পরিস্থিতির অবসান ঘটবে।’

তেহরানের হিসাব-নিকাশ কী?

ইরানও বর্তমানে বেশ কঠিন পরিস্থিতির মধ্য রয়েছে। আনুষ্ঠানিক যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য তেহরান সাতটি শর্ত দিয়েছে।

এসব শর্তের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা অর্থ ছাড় এবং সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করা। এর মধ্যে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান এবং ইয়েমেন ও ইরাকে ইরানের মিত্রদের বিরুদ্ধে চলমান হামলা বন্ধ করার দাবিও রয়েছে।

গালিবাফ বলেছেন, এসব শর্ত পূরণ হলে হরমুজ প্রণালিও খুলে দেওয়া হতে পারে। তবে যুদ্ধের আগের মতো বিনা মাশুলে সব জাহাজের চলাচলের সুযোগ আর কখনো ফিরবে না।

এদিকে নৌ অবরোধ, কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং যুদ্ধ শুরুর পর ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশ ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ তৈরির ফলে দেশটির অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে।

ইরানের সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে জুন পর্যন্ত এক বছরের ব্যবধানে দেশটির অর্থনীতি ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৮৩ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া দেশটির মুদ্রা রিয়াল বারবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে।

আবদুলরাজ্জাক বলেন, ‘অর্থনৈতিক ও সামরিক চাপের বাইরে তেহরানের প্রধান বিকল্প হলো কাতারের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়া।’ তবে যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তি করতে ইরান রাজি নয়। ফলে অর্থনৈতিক চাপ দেশটির সরকারের জন্য ক্রমেই পরিস্থিতি কঠিন করে তুলছে।

তার মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপ সামাল দিতে ইরান চীনের কাছে তেল বিক্রির ওপর নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু নৌ অবরোধের কারণে সেই উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।

সেলুমের মতে, তেহরানের জন্য সবচেয়ে ভালো পথ হলো নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে এমন কূটনৈতিক উদ্যোগ নেওয়া, যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করার সুযোগ থাকবে। তিনি বলেন, কাতারের মধ্যস্থতায় এমন একটি সমাধান হতে পারে, যেখানে অবরোধ প্রত্যাহারের পাশাপাশি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।

তবে এর বিকল্প হিসেবে তিনি ১৯৭৩ সালে মিসরের নেওয়া ‘সাদাত বিকল্পের’ কথা উল্লেখ করেছেন। ওই সময় ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি ভাঙতে মিসর সীমিত পরিসরে যুদ্ধ শুরু করে আলোচনার পথ তৈরি করেছিল। সেলুমের মতে, গালিবাফের ‘টেকসই প্রতিরোধ’ প্রতিষ্ঠার বক্তব্য থেকে বোঝা যায়, তেহরানের কেউ কেউ এমন পথের কথাও ভাবছেন।

আবদুলরাজ্জাক বলেন, ‘শত্রুপক্ষেরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে।’ অর্থাৎ যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা ভাঙতে ইরান একতরফাভাবে সংঘাত বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

এ ক্ষেত্রে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরির চেষ্টা করতে পারে তেহরান। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়িয়ে ইরানের অনুকূলে কোনো চুক্তিতে পৌঁছানোর পরিস্থিতি তৈরি করা হতে পারে।

ইতিহাসে স্থবির সংঘাতের পরিণতি কী হয়েছে?

অতীতের বিভিন্ন স্থবির সংঘাতের ইতিহাস বলছে, এ ধরনের অচলাবস্থা কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে।

এর বড় উদাহরণ কোরীয় উপদ্বীপ। ১৯৫৩ সালের জুলাইয়ে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধের অবসান হলেও দুই দেশের মধ্যে আজ পর্যন্ত কোনো শান্তিচুক্তি হয়নি। এর ৭০ বছরেরও বেশি সময় পরও উত্তর ও দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। দুই দেশের মাঝে রয়েছে ব্যাপক সামরিক নিরাপত্তাবেষ্টিত অসামরিক অঞ্চল বা ডিএমজেড ।

পূর্ব ইউক্রেনের সংঘাতও তুলনামূলক সাম্প্রতিক একটি উদাহরণ। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনী এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই শুরু হয়।

মিনস্ক চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির ব্যবস্থা হলেও সংঘাতের রাজনৈতিক সমাধান হয়নি। প্রায় আট বছর ধরে যুদ্ধের সম্মুখসারির অবস্থান তেমন একটা বদলায়নি, যদিও গোলাবর্ষণ ও ছোটোখাটো সংঘর্ষ চলতেই থাকে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর মধ্য দিয়ে সেই স্থবির পরিস্থিতির অবসান ঘটে।

নাগোরনো-কারাবাখের সংঘাত দেখিয়েছে, শক্তির ভারসাম্য বদলে গেলে দীর্ঘদিনের স্থবির সংঘাতও আবার নতুন করে জ্বলে উঠতে পারে। ১৯৯৪ সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতির পর প্রায় ২৫ বছর অঞ্চলটিতে বড় ধরনের যুদ্ধ হয়নি। কিন্তু সামরিক শক্তিতে এগিয়ে থাকা আজারবাইজান ২০২০ সালে আবারও যুদ্ধ শুরু করে এবং ২০২৩ সালে বিতর্কিত অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়।

তবে বিশ্লেষকদের মতে, কোরীয় উপদ্বীপ কিংবা রাশিয়া-ইউক্রেনের মতো ভূখণ্ডকেন্দ্রিক সংঘাতের সঙ্গে ইরান যুদ্ধের সরাসরি তুলনা করা কঠিন।

সেলুমের মতে, এ ক্ষেত্রে ১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকের পরিস্থিতির সঙ্গে বেশি মিল রয়েছে। ওই সময় যুদ্ধের পরও সাদ্দাম হোসেনের সরকার ক্ষমতায় টিকে ছিল। এরপর ১২ বছর ধরে দেশটি অবরোধ ও মাঝেমধ্যে সামরিক হামলার মুখে পড়ে। এর মধ্যে চার বছর ইরাকে কোনো পরিদর্শকও ছিল না।

অন্যদিকে আবদুলরাজ্জাক ইরান-ইরাক যুদ্ধের ইতিহাসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৯৮০-এর দশকের ওই যুদ্ধে দুই পক্ষই একে অপরের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। সে সময় জাহাজে হামলা ও জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইতিহাসে এই সংঘাত ‘ট্যাংক যুদ্ধ’ নামে পরিচিত, যা ছিল মূলত প্রতিপক্ষের অর্থনীতি দুর্বল করে দেওয়ার একটি দীর্ঘমেয়াদি লড়াই।

ইরান যুদ্ধের স্থবিরতা কেন আলাদা?

অতীতের অধিকাংশ স্থবির সংঘাতের কেন্দ্রে ছিল বিতর্কিত ভূখণ্ড এবং নির্দিষ্ট যুদ্ধরেখা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাতের পরিধি অনেক বিস্তৃত। আন্তর্জাতিক নৌপথ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জ্বালানির বৈশ্বিক বাজার—সবকিছুই এর সঙ্গে জড়িয়ে পড়েছে।

সেলুম বলেন, ইরাকের সঙ্গে তুলনা করলে হরমুজ প্রণালির বিষয়টি আলাদা করে দেখতে হবে। তাঁর ভাষায়, ‘সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অবরোধ ইরাকের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমান অবরোধ এমন একটি জলপথকে কেন্দ্র করে, যেখান দিয়ে যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।’

এ কারণে হরমুজ প্রণালিকে ঘিরে স্থিতিশীল কোনো অচলাবস্থা দীর্ঘদিন ধরে রাখা অত্যন্ত কঠিন। প্রতিটি ট্যাংকারে হামলার ঘটনা বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করছে। ফলে এখানে স্থবির যুদ্ধ কোরীয় উপদ্বীপের শান্ত ও সুরক্ষিত সীমান্তের মতো না হয়ে, ২০২২ সালের আগের ইউক্রেনের দনবাস অঞ্চলের পরিস্থিতির মতো হতে পারে।

আবদুলরাজ্জাকের মতে, বিশ্ব অর্থনীতি দীর্ঘদিন ধরে এমন গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে সংঘাতের চাপ সহ্য করতে পারবে না। বিকল্প বাণিজ্যপথ তৈরি করতেও অনেক সময় ও অর্থের প্রয়োজন। ফলে অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই সময়ের চাপে রয়েছে। দক্ষিণ ও উত্তর কোরিয়া কিংবা রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রে এ ধরনের চাপ একই মাত্রায় দেখা যায়নি।

উপসাগরীয় দেশগুলো, জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান এবং জ্বালানি আমদানিকারক দেশগুলোও এই সংঘাতের সরাসরি প্রভাবের মুখে রয়েছে। ফলে অচলাবস্থা ভাঙতে কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর আগ্রহও বেশ জোরালো।

আপাতত ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই মনে করছে, সময় তাদের পক্ষেই রয়েছে। তবে ইতিহাস বলছে, স্থবির সংঘাত অনেক সময় সেই সংঘাত শুরু বা দীর্ঘায়িত হতে দেওয়ার জন্য দায়ী নেতাদের শাসনামলকেও ছাড়িয়ে যায়। ফলে ইরান যুদ্ধের ভবিষ্যৎ শুধু দুই দেশের সামরিক সক্ষমতা বা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির স্থিতিশীলতাও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...