ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে তাদের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্মেলনের ফাঁকে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে। এসব বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ইরানের যুদ্ধ বন্ধের বিষয়টিও আলোচনায় থাকবে।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, একটি বৈঠক হবে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বৈঠকটি বেশ আকর্ষণীয় হবে। আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ অনেক বিষয় নিয়ে কথা বলব। ইরানের যুদ্ধ বন্ধের বিষয়েও আলোচনা হবে।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের চেষ্টা ভালোভাবেই এগোচ্ছে। কারণ, ইরানকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হচ্ছে।
ট্রাম্প জানান, ইরানের স্থলপথে সরবরাহব্যবস্থা ব্যাহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন আয়রন গেট’ কার্যকর হয়েছে। এই অভিযানের ফলে স্থলপথে ইরানে কোনো কিছু প্রবেশ করতে পারছে না বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এর অর্থ, স্থলপথে কিছুই প্রবেশ করতে পারছে না। আপনারা জানেন, নৌ অবরোধের কারণে জলপথেও কিছু প্রবেশ করতে পারছে না।’
এদিকে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের সদস্যদেশ ২১টি। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সংস্থাটির নেতারা প্রতি বছর সম্মেলনে মিলিত হন। এবার চীনের শেনজেনে অনুষ্ঠেয় সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক হলে তা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

