যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী সোমা এস. সাঈদ। তিনিই নিউইয়র্ক স্টেটের প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারক, যিনি নির্বাচনের মাধ্যমে এই পদে পৌঁছেছেন। তার এ অর্জন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দক্ষিণ এশীয় ও মুসলিম সম্প্রদায়ের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।
গত ৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্কের ১১তম বিচারিক জেলায় সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হন সোমা সাঈদ। নিউইয়র্ক স্টেটের নির্বাচন কর্তৃপক্ষের প্রকাশিত ফলাফলেও তার বিজয় নিশ্চিত করা হয়েছে। পরে ১৮ ডিসেম্বর নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিচারপতি হিসেবে শপথ নেন।
সোমা সাঈদ নিউইয়র্ক স্টেট ও যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে বিচারক হওয়া প্রথম বাংলাদেশি-আমেরিকান। তিনি কুইন্স কাউন্টি থেকে ২০২১ সালে প্রথম নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানহাটনের নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে আবার কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারক হিসেবে কাজ শুরু করেন।
টাঙ্গাইলে জন্ম, ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে অভিবাসন
সোমা সাঈদের জন্ম বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও সাবেক ম্যাজিস্ট্রেট। মা আমিনা বেগম সাঈদ ছিলেন শিক্ষানুরাগী। পরিবারের সঙ্গে মাত্র ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে নিউইয়র্কের কুইন্সে বেড়ে ওঠেন।
যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর নানা প্রতিকূলতা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যান সোমা। নিউইয়র্কের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনি ল’ স্কুল থেকে আইন বিষয়ে জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি নেন।
আইন পেশা থেকে বিচারকের আসনে
আইন বিষয়ে পড়াশোনা শেষ করে নিউইয়র্কে আইন পেশা শুরু করেন সোমা সাঈদ। ২০০৪ সাল থেকে আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১৩ সালে নিজের প্রতিষ্ঠান ‘সোমা সাঈদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’ প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে দেওয়ানি, পারিবারিক, অভিবাসন, আবাসন ও করপোরেট আইনের নানা বিষয়ে কাজ করেছেন।
এ ছাড়া ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউইয়র্কের হেম্পস্টেড গ্রামের বিশেষ কৌঁসুলি বা স্পেশাল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ট্রাফিক, আবাসন এবং স্থানীয় আইন লঙ্ঘনসংক্রান্ত মামলাগুলো পরিচালনা করেন তিনি।
২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন সোমা। ২০২২ সালে তাকে ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টে দায়িত্ব দেওয়া হয়। সেখানে ফৌজদারি মামলার শুনানি, জামিনসংক্রান্ত কার্যক্রম এবং বিভিন্ন বিচারিক বিষয়ে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে আবার কুইন্স কাউন্টি সিভিল কোর্টে ফিরে আসেন তিনি।
সর্বশেষ ২০২৫ সালের নির্বাচনে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়ে বিচার বিভাগে নতুন উচ্চতায় পৌঁছান এই বাংলাদেশি-আমেরিকান নারী।
মুসলিম ও দক্ষিণ এশীয় নারীদের প্রতিনিধিত্বেও অগ্রগামী
বিচারিক দায়িত্বের পাশাপাশি বিভিন্ন আইনজীবী সংগঠন ও নাগরিক অধিকারবিষয়ক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন সোমা সাঈদ। তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি ছিলেন। এ ছাড়া এশিয়ান আমেরিকান জাজেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোভিড-১৯ মহামারির সময় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণেও ভূমিকা রাখেন তিনি। নতুন প্রজন্মের আইনজীবী তৈরিতে শিক্ষার্থীদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার কাজেও যুক্ত রয়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত এই বিচারপতির অর্জনকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে অভিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বৃদ্ধির একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তার এ সাফল্য প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


