সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় সিএনজির এক যাত্রী আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ নিয়ে স্বজনরা বাড়ি চলে যায়। আহত বিষ্ণ হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতেরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৭০) ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫)
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন।
দ্রুত গতির সিএনজিটি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা নামক স্থানে পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে বাড়ি চলে যান।
নিহত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে খবর আসে চাচা দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাস্থলে এসে দেখি তিনি মারা গেছেন। পরে লাশ নিয়ে আমরা বাড়ি চলে আসি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

