কলম্বোতেও কোণঠাসা শ্রীলঙ্কা

কলম্বোতেও কোণঠাসা শ্রীলঙ্কা

গলে টেস্টে হারের পর কলম্বোতে দ্বিতীয় টেস্টেও বড় বিপদে শ্রীলঙ্কা। ধ্রুব জুরেল ও দেবদূত প্যাডিক্যালের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে পাহাড়সম সংগ্রহ গড়ে ভারত, আর জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকেছে লঙ্কানরা। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে থামিয়ে দিতে হলেও তাতে স্বস্তি মেলেনি স্বাগতিকদের জন্য। দিনশেষে ৮ উইকেটে ২৬৫ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এখনো পিছিয়ে ২৩৮ রানে।

টস জিতে ব্যাটিং নেওয়া ভারত শুরু থেকেই চেপে বসে লঙ্কান বোলিংয়ের ওপর। দেবদূত প্যাডিক্যাল ১১৭ রানের ইনিংস খেলে ভিত গড়ে দেওয়ার পর দলের রানের চাকা আরো গতি পায় ধ্রুব জুরেলের ব্যাটে। ১৭৭ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন জুরেল, যেখানে ঝুঁকি নেওয়ার তাড়া ছিল না একেবারেই; বরং সিঙ্গেল-ডাবলে রান বাড়িয়ে নেওয়ার ধৈর্য নজর কেড়েছে। শতক পূর্ণ করতে গিয়ে অবশ্য একটু নার্ভাস দেখাচ্ছিল তাকে, ৯৯ রানে আটকে ছিলেন ২১ বল। শেষ পর্যন্ত মিড-অফে ঝুঁকিপূর্ণ এক সিঙ্গেল নিয়ে মাইলফলক ছোঁয়ার সময় সরাসরি থ্রোতে রান আউট হওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল; তবে ভাগ্য ভালো তার বল স্টাম্পে লাগেনি।

বিজ্ঞাপন

জুরেলের সঙ্গে ঋষভ পান্তের ১১২ রানের জুটিও ম্যাচে ভারতের বড় সঞ্চয়ে অবদান রাখে। ৮৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন পান্ত। স্পিনার মানব সুথারের সঙ্গে আরো ৩৯ রান যোগ করেন জুরেল। ৫০৩ রানে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করে ভারত।

বিশাল লক্ষ্যের চাপ সামলাতে গিয়ে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। ইনিংসের শুরুতেই আলোকস্বল্পতার মধ্যে পড়তে হয় স্বাগতিকদের, একের পর এক উইকেট হারিয়ে চাপ সামলাতে বেগ পেতে হয় তাদের। বৃষ্টি এই টেস্টে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় দিনেও তার ব্যতিক্রম হয়নি। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই খেলা বন্ধ করে দিতে হয় মাঠকর্মীদের, যদিও তাতে ব্যাটিং বিপর্যয় ঠেকানো যায়নি। দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানে থেমেছে শ্রীলঙ্কা। ইনিংস ব্যবধানে হারের শঙ্কা মাথায় নিয়েই চতুর্থ দিনের খেলায় নামতে হবে তাদের।

সিরিজ বাঁচাতে হলে চতুর্থ দিনে অসাধারণ কিছু করে দেখাতে হবে স্বাগতিকদের, নয়তো আরেকটি বড় হার অপেক্ষা করছে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০৩/৯ (ডিকে.১, ১৩৮ ওভার (পাডিক্কাল ১১৭, ধ্রুব জুরেল ১১৫; অসিথা ৪/১০৬)।

শ্রীলঙ্কা: ২৬৫/৮, ৮৩.৪ ওভার (দিনুশা ৮৫, পাসিন্দু ৮০; কৃষ্ণা ৩/৪৭, সুতার ৩/৮৩)।

* তৃতীয় দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন